২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার জাদুঘরে হামলার দায় স্বীকার আইএসের

তিউনিসিয়ার জাদুঘরে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ট্যুইটারে দেয়া এক অডিওবার্তায় আইএস এই দায়িত্ব স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 11:41 AM

Updated : 12 Oct 2022, 03:28 PM

এই ঘটনা সত্য হলে, প্রথমবারের মতো জঙ্গি সংগঠনটি মধ্যপ্রাচ্যে তাদের অধিকৃত এলাকার বাইরে আল কায়েদার মতো হামলা চালালো।

গোষ্ঠীটির পক্ষে প্রচারণা চালানো একটি ট্যুইটার অ্যাকাউন্ট অডিওবার্তাটি প্রকাশ করে, যাতে হামলা চালানো দুই জঙ্গির নামও জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ট্যুইটারে প্রকাশিত অডিওবার্তায় হামলাকারী দুজনের নাম আবু-জাকারিয়া আল-তিউনিসি এবং আবু-আনাস আল-তিউনিসি বলে উল্লেখ করা হয়েছে।

অডিওবার্তায়, হামলাটিকে ‘বৃষ্টির প্রথম ফোঁটা’ বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরো বলা হয়েছে, ‘তিউনিসিয়ায় অবিশ্বাসীদের ঘাঁটিতে চালানো হামলা সফল হয়েছে।’

এই হামলার সঙ্গে আইএসের চালানো হামলার মিল পাওয়া গেলেও অডিওবার্তাটি সঠিক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে হোয়াইট হাউস জানিয়েছে।

তিউনিসিয়ার জাদুঘরে চালানো ওই হামলায় ২০ জন বিদেশি পর্যটকসহ ২৩ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, তিউনিসিয়ার অনেক নাগরিক ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করার জন্য সিরিয়া ও ইরাক গেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার ধরন ও পদ্ধতি এবং নিরপরাধ সাধারণ মানুষের সঙ্গে যে ধরনের নৃশংস আচরণ করা হয়েছে তার সঙ্গে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডের মিল রয়েছে।

এদিকে, তিউনিসিয়ার রাজধানী তিউনিসের  জাদুঘরে বুধবারের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তথ্য পাওয়া গেছে, ওই হামলায় সশস্ত্র দুই জঙ্গি লিবিয়ার জঙ্গিদের সঙ্গে যোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছিল।

নিহত পর্যটকরা জাপান, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন ও তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছেন তিউনিসীয় কর্মকর্তারা।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বন্দুকধারী নিহত হন। এরপর থেকে বন্দুকধারীদের সহযোগীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এ হামলার ঘটনায় বিদেশি পর্যটক ও তিউনিসীয় নিয়ে ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ঘটনার পর জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট ইসেবসি বলেছেন, “এইসব সংখ্যালঘু দানবরা আমাদের ভীত করতে পারবে না। ক্ষমাহীনভাবে এদের মূল উপড়ে ফেলা না পর্যন্ত আমরা এদের প্রতিরোধ করে যাব।”

“গণতন্ত্রের জয় হবে, গণতন্ত্র বেঁচে থাকবে,” বলেছেন তিনি।

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ বলেছেন, “আমাদের ইতিহাসের একটি সঙ্কটজনক সময় এটি, পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রতিরোধ করার সময়ও এটি।”

জাদুঘরে হামলা যখন শুরু হয় তখন পাশের পার্লামেন্ট ভবনে জনপ্রতিনিধিরা সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আলোচনা করছিলেন।

হামলা শুরু হওয়ার পরপরই পার্লামেন্ট ভবন খালি করে সবাইকে সরিয়ে নেয়া হয়। কিন্তু সন্ধ্যায় নজিরবিহীন এক অধিবেশনে আবার মিলিত হন প্রতিনিধিরা।

হামলার পর অনেক তিউনিসীয় নাগরিক তুনিসের কেন্দ্রস্থলে জাদুঘরের সামনে রাস্তায় এসে পতাকা উড়িয়ে ও মোমবাতি জ্বালিয়ে হামলার প্রতিবাদ জানায়।

বিশ্ব নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাস প্রতিরোধে তিউনিসিয়ার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।

নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে কড়া ভাষায় হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

সন্ত্রাসী সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে মিত্র তিউনিসিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তিউনিসিয়াকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।