নিখোঁজ ৫৬ জনকে আর খুঁজবে না ইন্দোনেশিয়া
২০১৪ সালের ডিসেম্বরে জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার নিখোঁজ ৫৬ যাত্রীর লাশের অনুসন্ধান অভিযান বন্ধ করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
রোববার দাপ্তরিকভাবে অভিযানের ইতি টানা হবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অনুসন্ধান সংস্থার এক কর্মকর্তা।
২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়ে এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১।
অর্ধেক পথ যাওয়ার পর জাভা সাগরের আকাশে থাকার সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়।
সাগরে বিধ্বস্ত বিমানটির ১৬২ জন যাত্রীর সবাই মারা যান। এদের মধ্যে ১০৬ জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও ৫৬ জনের লাশ খুঁজে পাওয়া যায়নি।
