২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ড্রোন বিধ্বস্ত, গুলিতে নামানোর দাবি সিরিয়ার

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি চালক বিহীন বিমান (প্রিডেটর ড্রোন)হারানোর কথা জানিয়েছেন। 

রয়টার্স

রয়টার্স

Published : 18 Mar 2015, 02:48 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

অপরদিকে মঙ্গলবার সিরিয়ার গণমাধ্যগুলো জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা লাতাকিয়া প্রদেশে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোনটিকে গুলি করে নামিয়েছে। 

সিরিয়ার গণমাধ্যমগুলোর এই খবর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। 

তবে ঘটনাটি সত্য হলে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর চালানো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার জন্য এটি অস্বস্থির কারণ হয়ে দেখা দেবে। 

আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী “পরোক্ষ সমর্থন” দিচ্ছে বলে এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। 
 
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সামরিক বাহিনীর কোনো অবস্থানে হামলা করা হয়নি। 

সিরিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ড্রোনটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। 

ড্রোনটি তুরস্কের একটি ঘাঁটি থেকে যাত্রা করে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের ওপর দিয়ে উড়ছিল বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের অপর একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে, তবে কী হয়েছে তা বলার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রস্তুত নন। 

আসাদের বাহিনীর গুলিতে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে কীনা তা স্বীকার না করে, ড্রোন বিধ্বস্তের কারণ পরিষ্কার নয় বলে দাবি করেছেন তারা। 

সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিরিয়ার আইএস’র বিরুদ্ধে বিমান অভিযান শুরু করার পর এই প্রথম সিরিয়ার দিক থেকে কোনো হামলার ঘটনা ঘটল।