২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিন লাদেনের চিকিৎসকের’ আইনজীবীকে গুলি করে হত্যা

ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী এক পাকিস্তানি চিকিৎসকের সাবেক আইনজীবীকে খুন করেছে বন্দুকধারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:50 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

মঙ্গলবার বাড়ি ফেরার পথে পেশোয়ারে গাড়িতে থাকা সামিউল্লাহ আফ্রিদিকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। পরে তিনি মারা যান বলে জানিয়েছে বিবিসি।

জঙ্গিদের হুমকির মুখে ২০১৩ সালে সামিউল্লাহ পাকিস্তান থেকে পালিয়েছিলেন। পরে গত বছর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি জানিয়েছিলেন, তিনি ওই চিকিৎসকের আইনজীবী হিসেবে আর কাজ করছেন না।

তালেবানের অন্তত দুটি দলছুট গোষ্ঠি সামিউল্লাহকে হত্যার দাবী জানিয়েছে।

খাইবারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি অধ্যুষিত এলাকায় জঙ্গিগোষ্ঠি লস্কর-ই-ইসলামিকে সহযোগীতার অভিযোগে দোষি প্রমাণিত হওয়ায় ডাঃ সাকিল আফ্রিদিকে ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই সাজার বিরুদ্ধে আপিল করেছেন ডাঃ সাকিল।

আল কায়েদা প্রধান লাদেনকে পাকিস্তানের যে এলাকায় পাওয়া গেছে এবোটাবাদের সেই এলাকায় একটি ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনা করেছিলেন এই চিকিৎসক। ওই এলাকার বাসিন্দাদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্দেশ্যে ওই ভুঁয়া কর্মসূচিটি চালানো হয়েছিল।

ইসলামাবাদের অনুমতি ছাড়াই লাদেনকে ধরতে এবোটাবাদে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল।

অনেকেই মনে করেন, বিন লাদেনকে খোঁজার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহযোগীতার কারণেই সাকিলকে ওই শাস্তি দেয়া হয়েছে।

এই মামলায় সাকিলের হয়ে আইনজীবী হিসেবে কাজ করছিলেন সামিউল্লাহ।

হুমকির মুখে কয়েক মাসের জন্য পাকিস্তান ছেড়ে যাওয়ার পর এক বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছিলেন তিনি।

ডাঃ সাকিলের আইনজীবী হিসেবে মামলা লড়তে নামার পর তাকে অনেকবার হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন সামিউল্লাহ।

গত বছর তিনি বলেছিলেন, “মানবাধিকার বিবেচনায় আমি এই মামলাটি লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমার নিজের জীবন রক্ষার দিকেই আমাকে মনোযোগ দিতে হবে। এটার গুরুত্বই বেশি।”