২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাসেঞ্জের মামলা জাতিসংঘে তোলা উচিত’

উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের মামলা এখন জাতিসংঘ মানবাধিকার পরিষদে তোলা উচিত বলে মন্তব্য করেছেন ইকুয়েডরের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রিকার্ডো পাটিনো।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

অ্যাসেঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন।

পাটিনো বলেন, “আমার মনে হয় বিষয়টি এখন সেখানে (জাতিসংঘে) তোলা উচিত। এটা যেভাবে চলছে সেভাবে আর চলতে পারে না।”

তিনি আরো বলেন, “দীর্ঘদিন ধরে কাউকে মানবাধিকার বঞ্চিত করা হচ্ছে তা হতে পারে না। আর এখন তো তাকে বলেই দেয়া হচ্ছে যে, তার বিরুদ্ধে আসলে কোন মামলা নেই।”

সম্প্রতি অ্যাসেঞ্জ মামলায় সুইডেনের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেন পাটিনো। শুক্রবার সুইডেনের কৌঁসুলিরা চারটি ধর্ষণ ও যৌন নিগ্রহের মামলায় অ্যাসেঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদ করতে রাজি হন।

২০১০ সালে সুইডেনের একটি আদালত অ্যাসেঞ্জের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

যুক্তরাজ্য যাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সুইডেনের কাছে হস্তান্তর করতে না পারে সেজন্য দীর্ঘদিন ধরে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন অ্যাসেঞ্জ।

অ্যাসেঞ্জ বরাবরই তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে আসছেন। সেইসঙ্গে তার আশঙ্কা, তাকে সুইডেনের কাছে হস্তান্তর করা হলে সুইডেন সরকার তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে।

উইকিলিকস ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন কূটনৈতিক তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে তোলপাড় তোলেন অ্যাসেঞ্জ। এ কাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের আইনে তার মৃত্যুদণ্ডও হতে পারে।