‘পরমাণু অধিকার ইরান পেলে সৌদিও চাইবে’
যে কোনো শর্তেই বিশ্বশক্তিগুলো ইরানকে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার অনুমতি দিলে সৌদি আরব ও অন্যান্য রাষ্ট্রও একই অধিকার চাইবে বলে জানিয়েছেন সৌদি আরবের এক জ্যেষ্ঠ যুবরাজ।
তবে এতে পরমাণু প্রযুক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ তুর্কি আল-ফয়সাল এসব কথা বলেছেন।
বর্তমানে সৌদি সরকারের কোনো উচ্চপদে না থাকলেও প্রভাবশালী এই যুবরাজ এক সময় দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন তিনি।
তার কথায় সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের মনোভাব প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
“আমি সবসময়ই বলে আসছি আলোচনাতে যে সিদ্ধান্ত হবে, আমরাও সেই অধিকার চাইব,” বলেছেন তুর্কি।
ইরানকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে সৌদি আরব। পরমাণু চুক্তি হলে ইরান পরমাণু অস্ত্র নির্মাণ করার সুযোগ পেয়ে যাবে বলে মনে করছে সৌদি আরব।
এছাড়া ইরানের ওপর থেকে রাজনৈতিক চাপ সরে গেলে দেশটি মধ্যপ্রাচ্যে সৌদি স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অবারিত সুযোগ পাবে বলে আশঙ্কা করছে সৌদি আরব।
পরমাণু কর্মসূচির জ্বালানি সমৃদ্ধ করার অজুহাত ব্যবহার করে গোপনে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে আশঙ্কা করছে বিশ্বশক্তিগুলো। এ থেকে ইরানকে বিরত করার লক্ষ্যে দেশটির ওপর বাণিজ্যিক ও অর্থনৈতিক অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো।
নিষেধাজ্ঞার চাপে ফেলে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করার শর্তে ইরানকে রাজী করাতে জার্মানিসহ পাঁচ বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন) ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পরমাণু অস্ত্র নির্মাণের অভিযোগ অস্বীকার করে অর্থনীতিকে প্রায় পঙ্গু করে ফেলা নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে ইরান।
আগামী কিছুদিনের মধ্যেই নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির একটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজ বলেছেন, “ইরান যে কোনো পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পেলে, শুধু সৌদি আরব একাই একই অধিকার চাইবে না, আরও অনেক দেশই চাইবে।”
“এতে কোনো বাধা ছাড়াই এই পথটি পুরো বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে পড়বে, আর এই সম্ভাবনাই ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের চলমান আলোচনা বিষয়ে আমার প্রধান আপত্তি,” বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সালের ভাই তুর্কি আল ফয়সাল।
