কি হয়েছে পুতিনের? ছড়িয়ে পড়ছে গুজব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গত বেশ কয়েকদিন ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না। আর এর ওপর ভিত্তি করে পুতিন জীবিত না মৃত সে গুজব দাবানলের মত ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
অনলাইনে ছড়ানো গুজবে বলা হয়, ৬২ বছর বয়সী এই নেতা মারা গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন অথবা তার প্রেমিকার সন্তান জন্মদানের খবরে সুইজারল্যান্ডে গেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন পুতিন তার বাসায় বসে কাজ করছেন এমন একটি ভিডিও চিত্র প্রচার করে। কিন্তু এ ভিডিও পুতিনকে নিয়ে গুজব ছড়ানো ঠেকাতে পারছে না।
ইউক্রেইনের শিশুরা পুতিনকে নিয়ে মজার কার্টুন এঁকেছে। কার্টুনে দেখানো হয়, ভিনগ্রহবাসীরা ক্রেমলিন থেকে পুতিনকে অপহরণ করে নিয়ে গেছে।
টুইটারে #পুতিনুমের (পুতিন মারা গেছেন) হ্যাসট্যাগ ছড়িয়ে পড়তে শুরু করেছে।
পুতিনুমের ডটকম নামে একটি ওয়েব সাইটে পুতিনের মৃত্যুর গুজব সত্যি হলে তা কিভাবে মূল্যায়ন করা উচিত সে সম্পর্কে পাঠকদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।
সাধারণত পুতিন গণমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকেন। এর আগে এক সপ্তাহের বেশি সময় তাকে গণমাধ্যমে অনুপস্থিত থাকতে দেখা যায়নি।
কিন্তু প্রচণ্ড ক্ষমতাধর এই মানুষটিকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে একবারের জন্যও জনসম্মুখে দেখা যায়নি।
অনেকে পুতিনের এই অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে বিরোধী দলের নেতা বরিস নেমৎসোভ হত্যাকাণ্ডের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।
টুইটারে পুতিন#ভর (পুতিন#চোর) একাউন্ট থেকে লেখা হয়, “নেমৎসোভ হত্যাকাণ্ড থেকে বিশ্ববাসীর মনযোগ সরিয়ে দিতে পুতিন মারা গেছেন।”
গত কয়েক দিন ধরে পুতিন মস্কোতে নেই- রাশিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডজ’ রোববার এ খবর প্রকাশ করেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য ডজের পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান।
এর আগে বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক কাজাখের সরকারি একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, অসুস্থতার কারণে পুতিন খুব সম্ভবত বেলারুশ ও কাজাখ নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করছেন।
ওই সময় পেসকভ আস্বস্ত করে বলেছিলেন, পুতিন পুরোপুরি সুস্থ আছেন।
শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, ১৬ মার্চ সেন্ট পিটারবার্গে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেইয়েভ সঙ্গে পুতিনের সাক্ষাৎ করার কথা রয়েছে।
