২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্ভব: কেরি

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য বলে প্রমাণ করতে সক্ষম হলে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরানের সঙ্গে অন্তবর্তীকালীন চুক্তি সম্ভব বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সিবিএস নিউজকে কেরি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস সেখানে এমন কিছু নেই যা এপ্রিল বা মে বা জুনেই পরিবর্তিত হতে যাচ্ছে। তাই এখন সিদ্ধান্ত এখন গ্রহণ করতে না পারলে পরেও তা সম্ভব হবে না।”

“এটি যদি (ইরানের পরমানু শক্তি প্রকল্প) শান্তিপূর্ণ হয়, তবে চুক্তি করে ফেলাই উচিত। আমি আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তা সম্ভব হবে।”

এর আগে শনিবার মিশরে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছিলেন, পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে কোন অন্তবর্তীকালীন চুক্তিতে উপনীত হতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত হয়ে তিনি কিছু বলতে পারছেন না।

যুক্তরাষ্ট্র ও বিশ্বের পাঁচ পরাশক্তি- যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে দেশটির পরমাণু শক্তি প্রকল্প নিয়ে আলোচনা করবে।

রোববার সুইজারল্যান্ডের লুজান শহরে এ বৈঠক শুরু হওয়ার কথা। ওই চুক্তি হলে অন্তত আগামী ১০ বছরের জন্য ইরান সরকারকে তাদের সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কমিয়ে আনতে হবে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি খসড়া চুক্তি করতে হবে এবং জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে হবে। যদিও ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে বাদ সেধেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা।

৪৭ জন সিনেটর গত সপ্তাহে ইরানকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানকে সতর্ক করে দিয়ে বলা হয়, কোন চুক্তি হলে সেটা শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

তবে কেরি ইরানের আলোচক ও ইউরোপীয় মিত্রদের আশ্বস্ত করে বলেছেন, চুক্তি পরিবর্তন করার ক্ষমতা কংগ্রেসের হাতে নেই।