২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনিশ্চিত কেরি

পরমানু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে কোন অন্তবর্তীকালীন চুক্তিতে উপনীত হতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Mar 2015, 07:12 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

আলোচনা শুরু হওয়ার এক দিন আগে মিশরে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, “আমরা কোন চুক্তি করতে পারব নাকি পারব না সে ব্যাপারে কিছু বলতে পারছি না। এমনকি আলোচনা বন্ধ হয়ে যাবে কি না সেটাও বলা যাচ্ছে না।”

“শুধুমাত্র একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য এই আলোচনা হচ্ছে না। বরং একটি সঠিক চুক্তির জন্য আমরা এই আলোচনায় বসতে যাচ্ছি।”

যুক্তরাষ্ট্র ও বিশ্বের পাঁচ পরাশক্তি- যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে দেশটির পরমানু প্রকল্প নিয়ে আলোচনা করবে।

রোববার সুইজারল্যান্ডের লুজান শহরে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

আশা করা হচ্ছে ওই আলোচনার মাধ্যমে এই মাসের মধ্যেই ইরানের পরমানু প্রকল্প বিষয়ক চুক্তির কাঠামো কেমন হবে সে ব্যাপারে উভয় পক্ষ একমত হতে পারবে।

জুনের ৩০ তারিখের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে।

ওই চুক্তির মাধ্যমে অন্তত আগামী ১০ বছরের জন্য ইরানের সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম কমিয়ে আনা হবে। 

এর বিনিময়ে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

যদিও ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে বাদ সেধেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা।

৪৭ জন সিনেটর গত সপ্তাহে ইরানকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানকে সতর্ক করে দিয়ে বলা হয়, কোন চুক্তি হলে সেটা শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

তবে কেরি ইরানের আলোচক ও ইউরোপীয় মিত্রদের আশ্বস্ত করে বলেন, চুক্তি পরিবর্তন করার ক্ষমতা কংগ্রেসের হাতে নেই।

“বড় জোর (সিনেটরদের চিঠির) বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন হতে পারি। কোন নির্বাহী চুক্তি পরিবর্তন করার ক্ষমতা কংগ্রেসের নেই।”

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ওবামা ইরানের সঙ্গে একটি ‘খারাপ চুক্তির’ বিষয়ে আলোচনা করছেন।