২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের আঘাতে ভানুয়াতুতে বহু মানুষের মৃত্যু

পাঁচ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড় পামের আঘাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শুক্রবার রাতে ঘণ্টায় ২৭০ কিলোমিটার (১৭০ মাইল/ঘণ্টা) বেগে বয়ে যাওয়া বাতাসের তাণ্ডবে ভানুয়াতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে শনিবার জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করা ছবিগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভবন ও উপড়ে পড়া গাছপালা ও বিদ্যুতের খুঁটি দেখা গেছে।

এরআগে ঘূর্ণিঝড় পাম দিক পরিবর্তন করে জনবহুল এলাকার দিকে এগোতে শুরু করলে দ্বীপবাসীদের সতকর্ করে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর দেশটির বিশাল এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ সংস্থাগুলো শনিবার জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃতচিত্র পাওয়ার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। 

জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে কয়েক হাজার মানুষ রাত্রি যাপন করলেও অধিকাংশ মানুষই প্রচণ্ড ঝড়ের সময় নিজবাড়িতে থাকতে বাধ্য হন।

ভানুয়াতুতে আঘাত হানার আগে পাম প্রশান্ত মহাসাগরীয় অপর দ্বীপপুঞ্জ কিরবাতি ও সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হানে। ওই দুটি দ্বীপপুঞ্জেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পামের প্রভাবে ভানয়াতুর উত্তরপূর্বদিকে অবস্থিত নয়টি ছোট দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র টুভালতে হঠাৎ বন্যা দেখা দিলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ভানুয়াতুর পর পাম পরবর্তী দ্বীপদেশ ফিজিতে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

ফিজি থেকে জাতিসংঘের ত্রাণ কর্মকর্তা সুনে গুদনিৎজ জানিয়েছেন, অনেক মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের স্থানীয় ত্রাণ দপ্তর অসমর্থিত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ভানুয়াতুর উত্তরপূর্বদিকের পেনামা প্রদেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূণিঝড়পরবর্তী ব্যাপক বৃষ্টিপাত, হঠাৎ বন্যা, ভূমিধস ও ঝড়ের আশঙ্কা করছেন তারা।

দেশটির ছয়টি প্রদেশের সবগুলোতেই রেড অ্যালার্ট জারি করে সব বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।