অ্যাসাঞ্জ মামলায় সুইডেনের মোড় পরিবর্তন
উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন অসদাচরণের মামলায় জিজ্ঞাসাবাদ করতে লন্ডনে যাওয়ার প্রস্তাব করেছেন সুইডেনের কৌঁসুলিরা।
এর আগে কৌঁসুলিরা অ্যাসাঞ্জকে সুইডেনেই জেরা করার ব্যাপারে অটল ছিলেন।
২০১০ সালে সুইডেন অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা এবং সুইডেনেই তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানায়। এখন তাকে জেরা করতে লন্ডনে যেতে চেয়ে সুইডেন আগের সিদ্ধান্ত থেকে সরে এল।
অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং ২০১২ সাল থেকে তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে আছেন।
অ্যাসাঞ্জের আশঙ্কা, তাকে সুইডেনে পাঠানো হলে দেশটি তাকে যুক্তরাষ্ট্রের হাতে সোপর্দ করতে পারে। আর তাহলে তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্র তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
অ্যাসাঞ্জের আইনজীবী পার সেমুয়েলসন সুইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং জেরায় পূর্ণ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
বিবিসি’কে তিনি বলেন, এটি তার জন্য এক বিশাল জয়। ৪ বছরেরও বেশি সময় ধরে এর অপেক্ষায় ছিলেন বলে জানান সেমুয়েলসন।
যুক্তরাষ্ট্রে বহু গোপন নথি ফাঁস করে দিয়ে আলোচনায় উঠে আসা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ২০১০ সালে সুইডেনে ভ্রমণকালে দুই নারীকে ধর্ষণ এবং যৌন অসদাচরণ করার অভিযোগ আছে।
সুইডিশ কৌঁসুলিরা লন্ডনে গিয়ে এ অভিযোগের ব্যাপারে অ্যাসেঞ্জকে জিজ্ঞসাবাদ করার পাশাপাশি সেখান থেকে তার ডিএনএ’র নমুনা সংগ্রহেরও অনুরোধ জানিয়েছেন।
