২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্গুসনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি

যুক্তরাষ্ট্রের মিজৌরি স্টেটের ফার্গুসনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 03:09 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

বর্ণবিদ্বেষ: ফারগুসনের পুলিশ প্রধানের পদত্যাগ

সেন্ট লুইস কাউন্টির পুলিশ প্রধান জন বেলমার জানিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তার মুখে ও অপর পুলিশ কর্মকর্তার কাঁধে গুলি লেগেছে। 
 
তিনি আরো জানান, তাদের দু’জনেই অত্যন্ত গুরুতর আহত হয়েছেন।
 
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক প্রতিবেদনে ফারগুসনে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের প্রমাণ মেলার কথা উঠে আসার পর ফার্গুসনের পুলিশ প্রধান পদত্যাগ থমাস জ্যাকসন পদত্যাগ  করেন। আর এর পরপরই এই ঘটনা ঘটল।
 

আদালতের ওই বিবরণ প্রকাশ হওয়ার পর বুধবার রাতে ফার্গুসনের পুলিশ সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন। শুরুতে সেই বিক্ষোভ তেমন উত্তেজনা না ছড়ালেও মধ্যরাতের পর বিক্ষোভকারীদের মধ্য থেকে তিনটি গুলি ছোঁড়া হয় বলে বেলমার জানিয়েছেন।  তিনি মনে করেন, গুলিগুলো তার পুলিশ কর্মকর্তাদের লক্ষ করেই ছোঁড়া হয়েছে। একজন বিক্ষোভকারী কিথ রোজ বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে তিনি রক্তে মাখামাখি অবস্থায় দেখেছেন। অন্য পুলিশ কর্মকর্তারা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছিলেন। কয়েক মাস আগে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় পদত্যাগের দাবি উঠেছিল জ্যাকসনের। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ফার্গুসনে এই তদন্ত শুরু হয়। মিজৌরি স্টেটের এই শহরের পুলিশ বিভাগ ও পৌর আদালতে ব্যাপক মাত্রায় বর্ণবাদী আচরণের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের তদন্ত প্রতিবেদনে।  ৪ মার্চ ওই প্রতিবেদন প্রকাশের পর পুলিশ প্রধান জ্যাকসনের আগে আরো কয়েক সরকারি কর্মকর্তা পদত্যাগ করেছেন। বুধবার জমা দেওয়া পদত্যাগপত্রে জ্যাকসন লিখেছেন, “এই শহর ও আপনাদের সবার সেবা করার সুযোগ পাওয়াটা ছিল অনেক সম্মানের। “খুব দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, পুলিশ প্রধানের পদ থেকে আমি পদত্যাগ করছি।” ১৯ মার্চ থেকে তার পদত্যাগপত্র কার্যকর হবে। ২০১৪ সালের ৯ অগাস্ট ফার্গুসনের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিয়ে  হৈ চৈ হয় আন্তর্জাতিক মহলেও। মিজৌরির এক গ্রান্ড জুরি ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দেয়। বিচার বিভাগীয় একটি তদন্তেও ড্যারেন উইলসন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ না আনার পক্ষে মত দেওয়া হয়।  তবে জাস্টিস ডিপার্টমেন্টের এই তদন্তে ফার্গুসনে পুলিশের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে আফ্রিকান-আমেরিকানদের নিয়মিতভাবে গ্রেপ্তার ও হয়রানির প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।