ইরাকি সেনাদের দখলে তিকরিতের উত্তরের শহর
ইরাকের সেনা ও মিলিশিয়ারা তিকরিতের উত্তরে কৌশলগত আল-আলম শহর থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দিয়েছে বলে জানিয়েছে যোদ্ধারাসহ স্থানীয় কর্মকর্তারা।
এর মধ্য দিয়ে তিকরিত শহরটি আইএস এর কাছ থেকে পুনর্দখলের জন্য ইরাকি বাহিনীর পথ প্রশস্ত হল।
স্থানীয় মেয়র লেইথ আল-জুবৌরি বলেছেন, “শহরটি নিরাপত্তা বাহিনী, হাসিদ শাবি ইউনিট এবং স্থানীয় আদিবাসী যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা করছি।”
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “এ জয়ে আমরা আনন্দিত। আমরা চাই আল-আলম থেকেই তিকরিত এবং মসুল আইএস মুক্ত করার অভিযান শুরু হোক।”
রয়টার্সের এক ফটোসাংবাদিক আল-আলম থেকে পালিয়ে যাওয়া অধিবাসীদেরকে আবার শহরটিতে ফিরে আসতে দেখার কথা জানিয়েছেন। তারা সবাই ভেড়া জবাই করে জয়ের আনন্দ উদযাপন করছে।
