পরিকল্পনা করে ক্রিমিয়া দখল করেন পুতিন
ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়ার গোপন পরিকল্পনা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অস্ত্রধারীরা ক্রিমিয়ার সরকারি ভবনগুলোতে হানা দেয়ার ৪ দিন আগেই এ উপদ্বীপ দখলের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
প্রচারিতব্য একটি প্রামাণ্যচিত্রে এ পরিকল্পনা জানান পুতিন। এটি কবে প্রচার করা হবে সে দিণক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
তবে রাশিয়ার রাষ্ট্রপরিচালিত টিভি রোববার রাতে প্রামাণ্যচিত্রটির বিশেষ কিছু অংশ প্রচার করেছে। আর এতেই দেখা গেছে, পুতিন বলেছেন, ফেব্রুয়ারিতে রাতব্যাপী বৈঠক ডেকে ‘ক্রিমিয়াকে রাশিয়ার ফিরিয়ে আনার’ জন্য কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন তিনি।
অথচ রাশিয়া বরাবরই ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ উস্কে দেয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে।
ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সুরক্ষায় বিশেষ অভিযানের পরিকল্পনা করার জন্যও ডাকা হয়েছিল ফেব্রুয়ারির ওই বৈঠক। গত বছর ২২ এবং ২৩ ফেব্রুয়ারি রাতের সেই বৈঠকে পুতিনকে রাশিয়ার বিশেষ বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
পুতিন বলেন, “ইউক্রেইনের প্রেসিডেন্টের (ভিক্টর ইয়ানুকভিচ) জীবন বাঁচানোর দায়িত্ব অর্পনের জন্য আমি আমাদের বিশেষ বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের আলোচনায় ডেকেছিলাম।”
“সকাল ৭ টায় সভা শেষ হয়।চলে যাওয়ার সময় আমি সহকর্মীদের বলেছিলাম, আমরা ক্রিমিয়াকে রাশিয়ায় ফিরিয়ে আনার কাজ শুরু করতে বাধ্য হচ্ছি।”
এর চারদিন পর ২৭ ফেব্রুয়ারিতে সশস্ত্র বন্দুকধারীরা ক্রিমিয়ার স্থানীয় পার্লামেন্ট এবং সরকারি ভবনগুলো দখল করে রাশিয়ার পতাকা ওড়ায়।
এরপর পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার বিল সইয়ের দু’দিন পর ২০১৪ সালের ১৬ মার্চে আন্তর্জাতিক নিন্দাবাদের মধ্যেও ক্রিমিয়ায় অনুষ্ঠিত হয় স্বাধীনতা প্রশ্নে গণভোট।
এ ভোটের পরই ১৮ মার্চে আন্তর্জাতিক নিন্দা-সমালোচনা উপেক্ষা করে অনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ক্রিমিয়া।
ক্রিমিয়া দখলের এ অভিযান সে সময় গোপন রেখেছিল রাশিয়া। ইউক্রেইনের বিদ্রোহে জড়িত থাকার সব অভিযোগই রাশিয়া তখন অস্বীকার করেছে। যদিও পুতিন পরবর্তীতে ক্রিমিয়ায় রুশ সেনা মোতায়েনের বিষয়টি স্বীকার করেছিলেন।
রাশিয়া টিভি ক্রিমিয়া দখলের গোপন পরিকল্পনার প্রামাণ্যচিত্রটি শিগগিরই প্রচার করবে বলে জানিয়েছে। এটি নির্মাণ করেছেন রাষ্ট্রপরিচালিত নিউজ চ্যানেল রোশিয়া-১ টিভির সাবেক সাংবাদিক আন্দ্রেই কোন্দ্রাশোভ।
