২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র প্রতি বোকো হারামের আনুগত্যের প্রতিশ্রুতি

নাইজেরিয়ার ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠি বোকো হারাম মধ্যপ্রাচ্যের ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট’র (আইএস) প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Mar 2015, 02:22 PM

Updated : 26 Jul 2022, 11:56 AM

শনিবার অনলাইনে পোস্ট করা একটি অডিও টেপ থেকে বিষয়টি জানা গেছে।

বোকো হারামের এই ঘোষণা থেকে উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া জিহাদি তৎপরতার সঙ্গে মধ্যপ্রাচ্যের জিহাদি তৎপরতার ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি সামনে চলে এসেছে।

নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠিটির পোস্ট করা আরবি ভাষার ওই ঘোষণায় বলা হয়েছে, “খলিফার প্রতি আমরা আমাদের আনুগত্য ঘোষণা করছি, আমরা সুসময়ে ও দুঃসময়ে তার নির্দেশ শুনব ও মেনে চলব।”

“খলিফার প্রতি আনুগত্য ঘোষণার জন্য আমরা সব এলাকার মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বোকো হারামের নেতা আবুবকর শেকাউ এই আনুগত্যের ঘোষণাটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অডিও টেপটিতে খলিফা বলতে আইএস’র নেতা ইব্রাহিম ইবনে আওয়াদ ইবনে ইব্রাহিম আল-আওয়াদ আল-কুরাশিকে বুঝানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যিনি আবু বকর আল-বাগদাদি নামে বেশি পরিচিত।

সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে সেখানে ইসলামি খেলাফত ঘোষণা করেছে আইএস, আর আল-বাগদাদি নিজেকে খলিফা বলে ঘোষণা করেছেন।

অপরদিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের জন্য গত ছয় বছর ধরে বিদ্রোহী লড়াই চালিয়ে আসছে বোকো হারাম। জঙ্গি এই গোষ্ঠিটির হামলায় নাইজেরিয়ায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, আর জঙ্গিদের হাতে অপহৃত হয়েছেন স্কুল ছাত্রীসহ কয়েকশত মানুষ।

বোকো হারাম সম্প্রতি নাইজেরিয়া ছাড়াও প্রতিবেশী ক্যামেরুন, চাদ ও নাইজারেও হামলা শুরু করেছে।

শনিবারও সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের পৃথক চারটি বোমা হামলায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মাইদুগারিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

আইএস’র প্রতি বোকো হারামের আনুগত্য প্রকাশে শঙ্কিত নাইজেরীয় সরকার সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে।