২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের সঙ্গে যুদ্ধ নয়: পুতিন

প্রতিবেশী ইউক্রেইনের সঙ্গে যুদ্ধের “সম্ভবনা নেই” বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 01:02 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

রাশিয়ার একটি টেলিভিশনের জন্য দেয়া সাক্ষাৎকারে সোমবার পুতিন এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

সাক্ষাৎকারে সম্প্রতি বেলারুশের মিনস্কে ইউক্রেইন সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রতি সমর্থন জানিয়ে এই চুক্তিকে পূর্ব ইউক্রেইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সবচেয়ে সেরা পথ বলে অভিহিত করেছেন তিনি।

রাশিয়ার সেনারা ইউক্রেইনে লড়াই করছে, এমন অভিযোগ জানিয়ে আসছে ইউক্রেইন সরকার। অপরদিকে এই অভিযোগ ফের অস্বীকার করে পুতিন বলেছেন, ইউক্রেইনের এমন মনোভাবের কারণেই পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না।

১২ ফেব্রুয়ারি ওই শান্তিচুক্তি হওয়ার পর প্রথমবারের মতো অনেক বিষয় নিয়ে কথা বললেন পুতিন।

এই সাক্ষাৎকার গ্রহণের আগে ইউক্রেইনীয় সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় লড়াইক্ষেত্র থেকে ভারী সমরাস্ত্র সরিয়ে নিতে পারছেন না তারা।

পূর্ব ইউক্রেইনের বর্তমান পরিস্থিতিতে সেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর বাস্তব সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন, “আমি মনে করি এ ধরনের মহাপ্রলয়তুল্য পরিস্থিতির অবতারণা হবে না এবং আশা করি যেন কখনো না হয়।”

তিনি বলেন, মিনস্ক চুক্তি বাস্তবায়ন হলে পূর্ব ইউক্রেইন “ধাপে ধাপে স্থিতিশীল” হয়ে উঠবে।

“এ বিষয়ে ইউরোপের মনোভাবও রাশিয়ার মতো। ইউরোপের এক প্রান্তে কেউ সংঘাত চায় না, বিশেষভাবে সশস্ত্র সংঘাত,” বলেছেন তিনি।