গোপন কথা ফাঁস: দুই ব্রিটিশ রাজনীতিক বরখাস্ত
যুক্তরাজ্যে অর্থের বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানকে সেবা দেয়া নিয়ে কেলেঙ্কারিতে কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি থেকে বরখাস্ত হয়েছেন সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী স্যার ম্যালকম রিফকিন্ড ও জ্যাক স্ট্র ।
বিষয়টি নিয়ে গোপন ভিডিও ফাঁসের পর দুইজনই ভুল কোনোকিছু করার কথা অস্বীকার করেছেন এবং কোনো আইন ভঙ্গ করেননি বলেও দাবি করেছেন।
যদিও ভিডিওতে দৃশ্যত দুজনকেই অর্থের বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার কথা বলতে দেখা গেছে। খবর দিয়েছে বিবিসি।
‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এবং ‘চ্যানেল ফোরের ডিসপ্যাচেজ’ সাংবাদিকরা একটি ছদ্ম চীনা কোম্পানির কর্মী সেজে ওই গোপন ভিডিও ধারণ করেন।
‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এর প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন দুই পররাষ্ট্রমন্ত্রী তাদের রাজনীতিবিদের পদমর্যাদা ব্যবহার করে ওই চীনা কোম্পানির হয়ে কাজ করার বিনিময়ে প্রতিদিন ৫ হাজার পাউন্ড করে নেয়ার প্রস্তাব দেন।
যুক্তরাজ্যের লেবার দলের ঊর্ধ্বতন রাজনীতিবিদ জ্যাক স্ট্রকে আস্থার সঙ্গে বলতে শোনা গেছে, তিনি একটি পন্যদ্রব্য কোম্পানির পক্ষে প্রভাব খাটিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম বদলে দিয়েছেন। এর জন্য ওই কোম্পানি তাকে প্রতিবছর ৬০ হাজার পাউন্ড দিচ্ছে।
এভাবে দ্বিতীয় আরেকটি কাজে জড়িত থাকার জন্য লেবার নেতা এড মিলিব্যান্ড জ্যাক স্ট্র এবং রিফকিন্ড দুই এমপিকেই নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান।
ফাঁস হওয়া ভিডিওতে স্যার ম্যালকম রিফকিন্ডকে বলতে দেখা গেছে, তিনি বিশ্বজুড়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করানোর জন্য ‘প্রয়োজনীয় রাস্তা’ তৈরি করে দেবেন, কারণটা হল তার পদমর্যাদা।
প্রসঙ্গত রিফকিন্ড ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে গোয়েন্দা সংস্থাগুলো তদারক করে থাকেন।
কনজারভেটিভ দলের জ্যেষ্ঠ সদস্য স্যার ম্যলকমকে আরও বলতে শোনা গেছে, তাকে ‘নিজে উপার্জন’ করে চলতে হয়। যদিও এমপি হিসাবে তিনি করদাতাদের অর্থের ৬৭ হাজার পাউন্ড পেয়ে থাকেন বছরপ্রতি।
গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, কনজারভেটিভ দল, যা টোরি পার্টি নামেও পরিচিত, স্যার ম্যলকমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এ ঘটনায় দুই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর এভাবে ‘ফেঁসে’ যাওয়া ব্রিটিশ পার্লামেন্টের ‘অর্থের বিনিময়ে সুবিধা’ বিষয়টি তদারকিতে ব্যর্থ হওয়ার বিষয়টিকে আবারো আলোচনায় তুলে আনল। ‘অর্থের বিনিময়ে সুবিধা’ দেয়ার মতো কেলেঙ্কারির ঘটনা বেশ কয়েক বছর ধরেই চলছে।
গত বছর পার্লামেন্টের বাইরে কাজ করে জ্যাক স্ট্র ১ লাখ ১২ হাজার পাউন্ডেরও বেশি আয় দেখিয়েছেন। আর স্যার ম্যালকমের আয় ছিল প্রায় ৭০ হাজার পাউন্ড।
ওয়েস্টমিনস্টার স্ট্যান্ডার্ড ওয়াচডগের প্রাক্তন প্রধান স্যার অ্যালিয়েস্টার গ্রাহাম বলেছেন, দুই রাজনীতিবিদের এ ধরনের প্রস্তাবে এভাবে সাড়া দেওয়া ‘অবিশ্বাস্য’।
