ইউক্রেইনে লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কা
বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ কবলিত পূর্বাঞ্চলের পূর্বইউক্রেইনীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভে প্রাণঘাতী বোমা হামলার পর দেশব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার খারকিভের ওই বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্ততপক্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
গণআন্দোলনে দেশটির সাবেক রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে এবং ওই আন্দোলনে নিহত ১০০ মানুষের স্মরণে আয়োজিত এক সমাবেশে হামলাটি চালানো হয়।
খারকিভ শহর ইউক্রেইনের পূর্বাঞ্চলে অবস্থিত হলেও বিদ্রোহী লড়াই কবলিত দোনেৎস্ক ও লুহানস্ক থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
বোমা হামলার পর দেশটির পশ্চিমাপন্থি বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ফেইসবুকে লিখেছেন, “আজ স্মরণীয় রোববার। কিন্তু এই দিনটিতেও হামলায় সন্ত্রাসীদের জান্তব চরিত্র উন্মোচিত হয়েছে। এটি সন্ত্রাসের রাজ্য বিস্তৃত করার একটি হীন প্রচেষ্টা।”
বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করার কথা জানিয়েছে কিয়েভ। আটকদের রাশিয়া অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
রাশিয়া ইউক্রেইনের বিদ্রোহী অধিকৃত এলাকার বাইরেও অস্থিরতা ছড়িয়ে দেয়ার চেষ্ট করছে, এমন আশঙ্কায় অনেকদিন ধরেই উদ্বিগ্ন হয়ে আছে ইউক্রেইন।
কয়েক বছরে খারকিভে বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি সহিংস প্রতিবাদ হলেও ১৪ লাখ বাসিন্দার শহরটি কিয়েভের নিয়ন্ত্রণেই আছে।
কিন্তু খারকিভ থেকে ইউক্রেইনীয় নিরাপত্তা কর্মকর্তা মার্কিয়ান লুভকিভস্কি জানিয়েছেন, গ্রেপ্তার চারজন রাশিয়ার সহায়তায় শহরটিতে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
একটি রাশান ‘শমেল’ রকেট লঞ্চার নিয়ে শহরটিতে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা গ্রেপ্তারদের ছিল বলে দাবি করেছেন লুভকিভস্কি।
ইউক্রেইনের ১১২ টেলিভিশনকে তিনি বলেছেন, “তারা ইউক্রেইনীয় নাগরিক। বেলগোরোদ শহরে রুশ ফেডারেশন থেকে অস্ত্র ও নির্দেশনা পেয়ে দেশে প্রবেশ করেছেন তারা।”
বেলগোরোদ খারকিভ সীমান্তের অপর পাশের রাশিয়ার একটি শহর।
এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেইনের বিদ্রোহীদের কোনো ধরনের সহায়তা দেয়ার বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে দেশটি।
ফ্রান্স ও জার্মানির উদ্যোগে পূর্ব ইউক্রেইনে অস্ত্রবিরতি শুরু হয়েছে। কিন্তু কিয়েভ অভিযোগ করে বলছে, তাদের একটি বন্দরের দিকে রুশ সেনা ও সাঁজোয়া যান এগিয়ে যাচ্ছে। ওই বন্দরটি রাশিয়া ও বিদ্রোহীদের পরবর্তী লক্ষ্যে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ।
অপরদিকে পূর্বইউক্রেইনে নিজেদের কোনো সেনা থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।
