মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেপ্তার
মালদ্বীপের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১২ সালের জানুয়ারিতে ক্ষমতায় থাকাকালে এক ঊর্ধ্বতন বিচারক আবদুল্লাহ মোহাম্মকে অবৈধভাবে আটকের আদেশ দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি।
ওই আদেশের কারণে নাশিদকে ২০১৩ সালে প্রথম আটক করা হয়। তবে একদিন পরই তাকে ছেড়ে দেয়া হয়।
কর্মকর্তারা বলেছেন, “মালদ্বীপের সন্ত্রাস-বিরোধী আইনের আওতায় কেবলমাত্র পরিকল্পিত সন্ত্রাস বা সহিংস তৎপরতাই নয় বরং রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতাও দণ্ডনীয় অপরাধ”।
বিচারককে আটকের ওই আদেশ দেয়ার কারণে ব্যাপক বিক্ষোভের মুখে একমাস পরই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নাশিদ। সেনারা তখন রাজধানীতে তার দলের সদরদপ্তর দখল করে।
২০০৮ সাল থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন নাশিদ। পদত্যাগের পর তিনি বলেছিলেন, তাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
২০১৩ সালের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচনে মালদ্বীপের বর্তমান নেতা আবদুল্লাহ ইয়ামিনের কাছে পরাজিত হন নাশিদ।
