ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইন্দোনেশিয়া
পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করার পর ব্রাজিলে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইন্দোনেশিয়া।
শনিবার নিজেদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া।
মাদক পাচারের দায়ে ইন্দোনেশিয়ায় এক ব্রাজিলীয়কে মৃত্যুদণ্ড দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল-ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চলছে।
জানুয়ারিতে মাদক সংক্রান্ত অপরাধে ব্রাজিল ও নেদারল্যান্ডসের দুই নাগরিকসহ ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইন্দোনেশিয়া। ওই ঘটনার পর বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইনের এ দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে ব্রাজিল ও নেদারল্যান্ডস।
চলতি মাসে ইন্দোনেশিয়ায় মাদক পাচারে জড়িত থাকার দায়ে দুই অস্ট্রেলীয়র মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এ নিয়ে প্রতিবেশী অস্ট্রেলিয়ার সঙ্গেও কূটনৈতিক টানাপড়েনে জড়িয়ে পড়েছে দেশটি।
অক্টোবরে টোটো রিয়ান্তো’কে ব্রাজিলে নিজেদের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া।
শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের পরিচয়পত্র পেশ করার জন্য রিয়ান্তোকে আমন্ত্রণ জানিয়েছিল ব্রাজিলীয় কর্তৃপক্ষ।
কিন্তু এক সংক্ষিপ্ত নোটিশের মাধ্যমে এই অনুষ্ঠান স্থগিত করে ব্রাজিলীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্রদূতের প্রতিনিধিদল প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছানোর পর ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ অনুষ্ঠান স্থগিত করে যে আচরণ প্রদর্শন করেছে, তা ইন্দোনেশিয়ার কাছে অগ্রহণযোগ্য।”
