আফগানিস্তানে নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার আফগানিস্তান সফরে গেছেন।
বিবিসি জানিয়েছে, শনিবার অঘোষিত সফরে দেশটিতে উপস্থিত হয়ে আফগানিস্তানের জন্য “টেকসই সাফল্য” চান বলে জানিয়েছেন কার্টার।
সফরে তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার এবং দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রথম সফর হিসেবে আফগানিস্তানকে বেছে নেয়ার কারণ হিসেবে কার্টার জানিয়েছেন, আফগানিস্তানে এখনো ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকায় এই দেশটি “সবসময় আমার মনে প্রথম আসে।”
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেয়া কার্টার বলেছেন, “আফগানিস্তানে টেকসই সাফল্যের খোঁজে আছি আমরা।”
“কীভাবে এটি করা যাবে, এটি করার সবচেয়ে সেরা উপায় কী, এসব বের করার জন্যই আমি এখানে এসেছি,” বলেছেন তিনি।
আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনায় কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে সফরসঙ্গী সাংবাদিকদেরও কিছু জানাননি কার্টার।
