ইউক্রেইনে যুদ্ধবিরতির মধ্যেও চলছে লড়াই
পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে নতুন করে ইউরোপীয়দের প্রচেষ্টার মধ্যেও চলছে লড়াই।
ইউক্রেইনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গত ২৪ ঘন্টায় সরকারি সেনাদের দখলে থাকা অবস্থানগুলোতে ৪৯ বার হামলা চালিয়েছে। হামলায় তারা রকেট, গোলাবারুদ এবং সাঁজোয়া যান ব্যবহার করে।
ইউক্রেইনের সামরিক মুখপাত্র আনাতোলি স্টেলম্যাক বলেন, “একের পর এক হামলায় এটাই প্রমাণিত হয় যে সন্ত্রাসীরা পুরোপুরিভাবে তাদের অস্ত্র বন্ধ করতে চায় না।”
তিনি বলেন, মারিউপলে গোলা হামলার ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা হামলা চালানোর জন্য সরকারি বাহিনীকে দোষারোপ করেছে। দিবালিৎসিভ এবং এর আশেপাশে গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তীব্র লড়াই চলছে।
