মিশর থেকে রাষ্ট্রদূত তলব করেছে কাতার
মিশরের রাজধানী কায়রোয় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে কাতার।
লিবিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর মিশর সরকারের বিমান হামলা চালানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয় কাতার।
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, মিশরের প্রতিনিধিদল আরব লীগে একটি বিবৃতি দেয়ার পর বৃহস্পতিবার এটি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সূত্র কায়রো থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা জানায়।
লিবিয়ার আইএস এর অবস্থানগুলোতে বিমান হামলা চালানো নিয়ে আরব লীগের বৈঠকের সময় ওই বিবৃতি দেয় মিশর। আরব লীগের বৈঠকের চূড়ান্ত ঘোষণাপত্রে লিবিয়ায় আইএস অবস্থানে মিশরের বিমান হামলাকে স্বাগত জানানো হলেও কাতার এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেছে।
ফলে আরব লীগে নিযুক্ত মিশরের প্রতিনিধি সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য কাতারকে অভিযুক্ত করেছেন। আরব লীগের সদস্য যেকোনো দেশের ওপর এ ধরনের একতরফা হামলা চালানোর আগে অবশ্যই সবার পরামর্শ নেয়া উচিত বলে মন্তব্য করেছে কাতার।
গত ১৫ ফেব্রুয়ারি আইএস এর প্রকাশ করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, তারা মিশরের ২১ জন খ্রিস্টানের শিরশ্ছেদ করেছে। এ ঘটনার পর মিশর সরকার লিবিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা চালায়।
