২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস প্রতিরোধে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ

লিবিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে লিবিয়া ও মিশর।

রয়টার্স

রয়টার্স

Published : 19 Feb 2015, 02:55 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে নিয়্ন্ত্রণে লিবিয়ার সেনাবাহিনীকে সক্ষম করে তুলতে বুধবার এ অনুরোধ জানিয়েছে দেশ দুটি।

অনুরোধে লিবিয়া সরকারের নিয়ন্ত্রণে নেই দেশটির এমন এলাকার ওপর নৌ-অবরোধ আরোপ করার প্রস্তাব দেয়া হয়েছে।

চার বছর আগে একনায়ক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে গোষ্ঠীগত হানাহানিতে লিবিয়া প্রায় কয়েক অংশে বিভক্ত হয়ে পড়েছে। আইন-কানুন বলতে কার্যত কিছু নেই দেশটিতে। দুটি প্রতিদ্বন্দ্বী সরকার বেসামরিক বাহিনীগুলোর ওপর ভর করে দেশের তেল খনি এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয়ার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত।

এই বিশৃঙ্খল অবস্থার সুযোগে দেশটি ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর স্বর্গে পরিণত হয়েছে।

সম্প্রতি লিবিয়ায় ২১ জন মিশরীয় খ্রিস্টান ব্যক্তিকে গলা কেটে হত্যা করে তার ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। ওই ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার দেশটির আইএস অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে মিশর।

এই পরিস্থিতিতে বুধবার লিবিয়া নিয়ে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। ২০১১ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি’র বাহিনী চড়াও হলে লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তা পরিষদ।

এখনও বলবৎ থাকা ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বুধবার রাতে একটি খসড়া প্রস্তাব বিতরণ করার কথা ছিল জর্ডানের। এ্ই প্রস্তাবে লিবিয়া সরকার ছাড়া দেশটির অন্যান্য পক্ষগুলোকে অস্ত্র দেয়ার উদ্যোগের নিন্দা করা হয়েছে এবং সন্ত্রাসের সঙ্গে লড়াইয়ে লিবিয়া সরকারের প্রতি সমর্থন দেয়ার কথা বলা হয়েছে, জানিয়েছেন কূটনীতিকরা।

নিরাপত্তা পরিষদে লিবীয় পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ দেইরি বলেছেন, “জাতীয় একটি সেনাবাহিনী গড়ে তোলার সাহায্যার্থে লিবিয়া বিশ্ব সমাজের কাছ থেকে একটি দৃঢ় সিদ্ধান্ত প্রত্যাশা করে। অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমেই এটি বাস্তবায়িত হতে পারে আর নিয়ন্ত্রণহীন সন্ত্রাসের মোকাবেলা করতে পারে।”

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি লিবিয়ার উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব সমর্থন করেন। তিনি প্রস্তাব করেন, লিবিয়ার যেসব এলাকা সরকারি নিয়ন্ত্রণে নেই সেই সব এলাকায় নৌ-অবরোধ আরোপের মাধ্যমে জঙ্গিদের কাছে অস্ত্র পৌঁছানো বন্ধ করা যেতে পারে।

লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ রাষ্ট্রদূত বার্নারদিনো লিওন বলেছেন, শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন আছে লিবিয়ার এমন একটি সম্মিলিত সরকারই শুধু আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে পরাজিত করতে পারবে।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির বাইদা এলাকা থেকে সরকার পরিচালনা করছে। এর প্রতিদ্বন্দ্বী সমান্তরাল সরকার রাজধানী ত্রিপোলি দখল করে নিজেদের সরকার পরিচালনা করছে।

প্রতিদ্বন্দ্বী দুইসরকারের বিবাদ অবসান করে একটি সম্মিলিত সরকার গড়তে এ দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে জাতিসংঘ।

মিশর বাইদা সরকারকে সমর্থন করলেও লিওনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের একটি কমিটির তত্ত্বাবধানে লিবিয়া সরকার ইতোমধ্যেই অস্ত্র ও প্রয়োজনীয় রসদ আমদানি করার অনুমতি পেয়েছে।

লিবিয়ার সরকারি অস্ত্র বিভিন্নভাবে জঙ্গিদের হাতে চলে যেতে পারে, এমন সম্ভাবনায় দীর্ঘদিন ধরে লিবিয়াকে তার অস্ত্র দেখভালের ব্যবস্থা উন্নত করার আহ্বান জানিয়ে আসছে নিরাপত্তা পরিষদ।