২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট শিখরে ওঠার পথ পরিবর্তন

বাড়তে থাকা তুষার ধসের শঙ্কায় এভারেস্ট পর্বত শিখরে পা রাখতে পর্বতারোহীরা সাধারণত যে পথটি ব্যবহার করেন তা পরিবর্তন করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:10 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

২০১৪ সালে তুষার ধসে ১৬ পর্বতারোহীর মৃত্যু হয়, যা পর্বতারোহণের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানীর ঘটনা।

ওই ঘটনার জের ধরে আগামী মাসে আরোহণ মওসুমের শুরুতে শিখরে পৌঁছানোর পথে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানের পথটি ১৯৯০’র দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে।

পর্বতারোহীরা এখন বেইস ক্যাম্পের পর থেকে একটি কেন্দ্রীয় রুট ব্যবহার করে শিখরের পথে যাচ্ছেন। তারা বাম পাশের খুম্বু বরফপ্রপাত এড়িয়ে যাচ্ছেন। এই প্রপাত এলাকায় বিগত বছর ওই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল।

২০১৪ সালে ওই ভয়াবহ তুষার ধসের পর নেপালের শেরপা পর্বতারোহীরা বেশি মজুরি ও উন্নত সুযোগ-সুবিধার দাবিতে পর্বতারোহণ বর্জন করে। তাদের এই বর্জনের কারণে পরবর্তীসময়ে সব এভারেস্ট অভিযান বাতিল করতে হয়।

২০১৫’র বসন্তে আরোহণ মওসুম শুরু হওয়ার আগে নেপাল সরকার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে।

এভারেস্ট অভিযানের রুট নির্ধারণের দায়িত্বে থাকা সংস্থা ‘সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটি’র চেয়ারম্যান অ্যাং দর্জি শেরপা বলেছেন, ‘খুম্বু বরফপ্রপাতের বাম পাশে তুষার ধসের ঝুঁকি বাড়ছে বলে মনে করছি আমরা। তাই পথটি আমরা মাঝ বরাবর সরিয়ে নিচ্ছি। সেখানে এ ধরনের বিপদের ঝুঁকি প্রায় নেই।’

বেইস ক্যাম্পের পর থেকেই শুরু হওয়া পর্বত শিখেরে উঠার এই কেন্দ্রীয় রুটটি নতুন না। দুই দশ আগেও এই পথটি ব্যবহার করতেন পর্বতারোহীরা।

কিন্তু ১৯৯০’র দশকে ওই রুটটি পরিবর্তন করে বর্তমানের পথটি ব্যবহার করা শুরু হয়। ‘পশ্চিমের ঘাড়’ নামে পরিচিত এই পথটি দিয়ে শিখরে ওঠা অপেক্ষাকৃত সহজ ও পথটিও সংক্ষিপ্ত, এমনকি অনভিজ্ঞ পবর্তারোহীরাও এ পথটি দিয়ে সহজে শিখরে উঠতে পারতেন।