ইউক্রেইনে যুদ্ধবিরতির মধ্যেই লড়াই চলছে
পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতির মধ্যেই দিবালিৎসিভ শহরে তীব্র লড়াই চলছে।
বিদ্রোহীরা দিবালিৎসিভের বেশিরভাগ এলাকা এবং একটি পরিবহন কেন্দ্র দখল করে নিয়েছে। তবে সরকার বলছে, তারা এখনো শহরের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
যুদ্ধবিরতি তদারকারী আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শহরটিতে প্রবেশ করতে সক্ষম হননি।
এর আগে দুপক্ষই ভারী অস্ত্র প্রত্যাহার করে নিতে ব্যর্থ হয়। যুদ্ধবিরতি চুক্তিতে সোমবার পর্যন্ত অস্ত্র প্রত্যাহারের সময়সীমা দেয়া হয়েছিল।
বিদ্রোহীদের স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের এক মুখপাত্র ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে বলেছে, দিবালিৎসিভের পুলিশ স্টেশন এবং রেলওয়ে স্টেশনও দখল করা হয়ে গেছে।
তিনি বলেন, শহরের অধিকাংশই বিচ্ছিন্নতাবাদীদের দখলে এবং অভিযান চলছে।
ওদিকে, বিদ্রোহীরাও বলেছে, দিবালিৎসিভে কয়েকডজন ইউক্রেইনীয় সেনা আত্মসমর্পণ করেছে। তবে সরকার তা অস্বীকার করেছে।
ইউক্রেইনের সেনাবাহিনী প্রচণ্ড লড়াই চলার কথা নিশ্চিত করেছে এবং বিদ্রোহীরা রেলওয়ে স্টেশনে হামলা করছে বলে জানিয়েছে।
দিবালিৎসিভ ছাড়া পূর্ব ইউক্রেনের অন্যান্য এলাকায় যুদ্ধবিরতি কোনরকমে টিকে আছে। গত সপ্তাহে মিনস্কে রাশিয়া, ইউক্রেইন, ফ্রান্স ও জার্মানির নেতাদের বৈঠকে এই যুদ্ধবিরতির চুক্তি হয়।
