যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে স্থায়ী শহীদ মিনার
ভাষার মাসে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে প্রথম স্থায়ী শহীদ পেলেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ওয়েস্টসাইড পার্কে নির্মিত স্থায়ী এই শহীদ মিনার উদ্বোধন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান।
২০১২ সালে প্যাটারসন সিটি কর্তৃপক্ষ শহীদ মিনারের জন্যে জায়গা বরাদ্দ করে। পরের বছর প্যাসেইক কাউন্টি প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর করলে প্রকল্পের কাজ শুরু হয়।
এর আগে টেক্সাসের হিউস্টনে স্থায়ী আরেকটি শহীদ মিনার হয়েছে, তবে তা প্রবাসীদের অর্থায়নে।
শহীদ মিনার নির্মাণে সহায়তা দেওয়ায় প্যাটারসন সিটি, প্যাসেইক কাউন্টির প্রতিনিধিদের ধন্যবাদ জানান কনসাল জেনারেল।
শুভেচ্ছা বক্তব্যে প্যাটারসন সিটির ডেপুটি মেয়র পেড্রো রড্রিগুয়েজ বলেন, “মাতৃভাষার জন্য বাঙালির রক্তদানের দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আজ আমরা বহুজাতিক এই শহরে শহীদ মিনার নির্মাণের মধ্য দিয়ে বাঙালির সেই আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে হৃদয়ে লালনের পথ সুগম করলাম।”
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রুবি কটনও বক্তব্য রাখেন।
