তরুণী খুনের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ
ধর্ষণে বাধা দেয়া এক তরুণীকে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে তুরস্কর হাজার হাজার নারী।
অভিযোগ উঠেছে একজন বাস চালক ওই তরুণীকে অপহরণ করে ধর্ষণ করার চেষ্টা করেছিল। খুব সম্ভবত তরুণী তাতে বাধা দিলে তাকে হত্যা করা হয়।
শুক্রবার পুলিশ ওজজেকান আসলান নামের ২০ বছর বয়সী ওই তরুণীর পোড়া মৃতদেহ খুঁজে পায়। মের্সিন শহরের একটি নদীগর্ভে মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। আসলানের বাড়ি মের্সিনে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন: মিনিবাসের চালক এবং চালকের বাবা ও বন্ধু।
তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিহত তরুণীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু আসলানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার বাড়ি ফেরার পথে মনোবিজ্ঞানের ছাত্রী আসলানকে অপহরণ করা হয়। খুব সম্ভবত বাস চালক তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। পেপার স্প্রে ব্যবহার করে আসলান নিজেকে রক্ষার জন্য প্রাণপন লড়াই করেন।
আসলানকে কাবু করতে না পেরে তাকে ছুরি মারা হয়। তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাতও করা হয়।
এ ঘটনায় তুরস্ক জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
আঙ্কারা, ইস্তাম্বুল, মের্সিনসহ তুরস্কের আরো বেশ কয়েকটি শহরে রোববার হাজার হাজার নারী রাস্তায় নেমে বিক্ষোভ করে। এর মধ্যে ইস্তাম্বুলে দিনের প্রথমভাগে নারীরা ‘যথেষ্ট হয়েছে, ‘আমরা নারী হত্যা বন্ধ করব’ লেখা ব্যানার নিয়ে মিছিল করে।
বিকালে জমায়েত আরো বড় হয়। এ সময় বয়স্ক নারীরা প্রতিবাদ জানান। প্রতিবাদে অংশ নেতা তরুণী বুলাই দগান বলেন, আসলানের হত্যাকাণ্ড আমাকে আতঙ্কিত করে তুলেছে।
“আমি আতঙ্কিত, কারণ এই একই ঘটনা আমার বা আমার কোন বান্ধবীর সঙ্গেও ঘটতে পারত। অন্যদিকে, আমার খুব রাগও হচ্ছে। হত্যাকারীরা কিভাবে এরকম জঘন্য একটা কাজ করতে পারল?”
নারীবাদী সংগঠনগুলোর দাবি, গত এক দশকে তুরস্কে নারীদের বিরুদ্ধে সহিংসতার হার অনেক দ্রুতগতিতে বেড়েছে।
গত বছর দেশটিতে প্রায় ৩০০ নারীকে পুরুষরা হত্যা করেছে এবং একশর বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে।
