২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ২

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি ক্যাফেতে বাকস্বাধীনতা নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান চলার সময় গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি ইহুদিদের এক সিন্যাগগেও হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Feb 2015, 12:28 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

শনিবার দিনে ও রাতের এ দুটি হামলার ঘটনায় দুই জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

এসব হামলার জেরে রোববার ডেনমার্কজুড়ে উচ্চ সকর্ত অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে জঙ্গি সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রকাশ্য দিবালোকে প্রথম হামলার ঘটনাটি ঘটেছে। যে ক্যাফেতে হামলা চালানো হয়েছে সেখানে সুইডিশ চিত্রশিল্পী লার্স ভিল্কস উপস্থিত ছিলেন। মুসলমানদের নবী হযরত মুহম্মদকে (সাঃ) নিয়ে কার্টুন আঁকায় আগে থেকেই হত্যার হুমকি দেয়া হচ্ছিল তাকে।

ক্যাফেতে অনুষ্ঠিত বিতর্কে ফরাসি রাষ্ট্রদূত ফ্রঁসোয়া জিমেরেও উপস্থিত ছিলেন। জানুয়ারিতে ফরাসি বিদ্রুপ পত্রিকা শার্লে এবদু’তে সন্ত্রাসী হামলা চালিয়ে ১২ জনকে হত্যার পর বাকস্বাধীনতার প্রতি ডেনমার্কের সমর্থনের প্রশংসা করেছিলেন জিমেরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরাসি রাষ্ট্রদূত বিতর্ক বৈঠকটিতে ভূমিকা বক্তব্য রাখার পরপরই ক্যাফের বাইরে ৪০টির মতো গুলির শব্দ হয়, এ সময় এক হামলাকারী ক্যাফের ভিতরেও গুলি করার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, তাদের ধারণা প্রধান বক্তা ভিল্কস’কে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

রোববার সকালে পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী হেল থরিং স্মিথড্ বলেছেন, “আমরা এখন নিশ্চিত, এটি রাজনৈতিকভাবে প্ররোচিত হামলা, আর তাই এটি একটি সন্ত্রাসী হামলা।”

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারী একটি ভক্সওয়াগন গাড়ি যোগে পালিয়েছে এবং তাকে ধরতে কোপেনহেগেনের রাস্তায় রাস্তায় সাঁজোয়া যান ও আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে।

ক্যাফেতে হামলার কয়েক ঘন্টা পর রাতে কোপেনহেগেন শহরের অন্য একটি এলাকায় ইহুদিদের একটি সিন্যাগগে গুলিবর্ষণ করা হয়। ওই ক্যাফে থেকে সিন্যাগগটিতে হাঁটা পথে যেতে আধা ঘণ্টার মতো সময় লাগে।

এখানে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হন, পরে তার মৃত্যু হয়। এখানে গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

দুটি হামলাই একই ব্যক্তি বা ব্যক্তিরা চালিয়েছেন কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি চালানোর সময় রোববার কোপেনহেগেনের নোরেব্রো এলাকায় একজনকে গুলি করে হত্যা করার কথা জানিয়েছে পুলিশ। নোরেব্রো এলাকাটি ওই দুই হামলার এলাকা থেকে বেশি দূরে নয়।

তবে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির সঙ্গে ওই হামলা দুটির কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তাকেও পাওয়া যায়নি।