২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতি শুরুর আগে ইউক্রেইনে তীব্র লড়াই

জার্মানি ও ফ্রান্সের উদ্যোগে ইউক্রেইন সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত নতুন শান্তি চুক্তি বাস্তবায়ন শুরু হওয়ার আগে দুপক্ষের মধ্যে লড়াই আরো তীব্রতর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার পুরো পূর্ব ইউক্রেইনজুড়ে ইউক্রেইনীয় সরকারি বাহিনী ও রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংস লড়াই হয়।

রোববার থেকে অস্ত্র বিরতি শুরুর মধ্য দিয়ে নতুন শান্তি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। চুক্তিতে পূর্ব ইউক্রেইন থেকে ভারী অস্ত্র সরিয়ে নেয়ার কথাও আছে। এলাকাটিতে প্রায় এক বছর আগে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে এ পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

কিয়েভ থেকে ইউক্রেনীয় সরকার পক্ষ অভিযোগ করে বলেছে, চুক্তি স্বাক্ষরের পর থেকেই রুশপন্থি বিদ্রোহীরা অধিকৃত অঞ্চলে তাদের বাহিনীগুলোকে আরো সুগঠিত করে তুলেছে।

বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দুপক্ষই একে অপরকে দায়ী করেছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক’র কাছে সরকার নিয়ন্ত্রিত শচাস্তিয়া টাউনের একটি ক্যাফেতে গোলার আঘাতে দুই জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। শহরের আরো কয়েকটি জায়গায় গোলা পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

শহর প্রশাসনের ওই কর্মকর্তা হেন্নাদি মোস্কাল বলেছেন, “শহরের হিটিং সিস্টেম ভেঙে পড়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, পানি সরবরাহের অবস্থাও তাই। এভাবেই সর্বজনগ্রাহ্য একটি অস্ত্রবিরতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা।”

অপরদিকে বিচ্ছিন্নতাবাদীদের শক্তিকেন্দ্র দোনেৎস্ক ও হরলিভকা টাউনে গোলাবর্ষণ করার জন্য সরকারি বাহিনীকে দায়ী করেছে বিদ্রোহীরা। এসব গোলায় তিন শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন তারা।

দোনেৎস্কর শহরতলী থেকে কামানের গোলা পড়ার শব্দ শোনা যাচ্ছে এবং ওই এলাকাগুলো কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

কিয়েভ নিয়ন্ত্রিত ক্রামাতোর্স্ক ও বিদ্রোহীনিয়ন্ত্রিত দোনেৎস্ক’র মধ্যবর্তী রাস্তা থেকে ইউক্রেইনীয় পক্ষ থেকে ছোঁড়া গোলা দৃশ্যমান হচ্ছে।
দোনেৎস্কর কাছের একটি তল্লাশিচৌকির বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছেন, তাদের ওপর মর্টারের গোলা এসে পড়ছে।

আসন্ন অস্ত্র বিরতিকে উপহাস করে তারা বলেছেন, “এটি কি অস্ত্রবিরতি? এটা হাস্যকর! এই নিয়ে দ্বিতীয় কি তৃতীয় অস্ত্রবিরতি শুরু হচ্ছে।”

শুক্রবার রাতে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেন এক বিবৃতিতে অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে সব পক্ষকে আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এই শান্তি চুক্তি যে বা যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করেছে জোটটি।