মিয়ানমারে সংঘর্ষে নিহত ৪৭ সেনা
গত এক সপ্তাহে চীন সীমান্তের কাছে আদিবাসী সংখ্যালঘু বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ৪৭ জন সেনা নিহত হয়েছে।
শুক্রবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উত্তর-পূর্বাঞ্চলের শান রাজ্যে সেনাবাহিনী ও মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক মৈত্রী সেনাদের (এমএনডিএএ) মধ্যে সংঘর্ষে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ওই সেনারা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ৭৩ জন সেনা সদস্য।এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য দেয়া হয়নি।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য এমএনডিএএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বিক্ষুব্ধ এলাকার কয়েক হাজার বাসিন্দা চীনে পালিয়ে গেছে। মিয়ানমার সরকার দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্রোহী দলগুলো সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে চাইছে। বেশিরভাগ দলের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছে সরকার। কিন্তু তার পরও মাঝে মধ্যেই দেশটির বিভিন্ন প্রান্তে সংঘর্ষ হয়।
চীন সীমান্তে নতুন করে এ সংঘর্ষ যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধি নাই হং সারের। এ সংঘর্ষের কারণে যুদ্ধবিরতি আলোচনা বাধার মুখে পড়তে পারে।”
চীনও মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়ান চুনইং বলেন, “আমরা আশা করছি শান্তি ফিরিয়ে আনতে চীনের সাথে মিয়ানমারের সবগুলো দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব সীমান্তে শান্তি ফিরে আসবে এবং চীনে পালিয়ে যাওয়া শরণার্থীরা দেশে ফিরে যেতে পারবে।”
২০০৯ সালে মিয়ানমারের সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের কারণে হাজার হাজার শরণার্থী চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পালিয়ে যায়। বিষয়টি বেইজিং সরকারকে ক্ষুব্ধ করেছে।
