চাদে বোকো হারাম জঙ্গি হামলা
নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিরা চাদ এর মাটিতে প্রথমবারের মত রাতভর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি’কে বলেন, জঙ্গিরা ৪টি মটরবোটে করে লেক চাদ পার হয়ে একটি গ্রামে হামলা করে। জঙ্গিরা কয়েকজনকে হত্যা করার পর চাদের সেনারা তাদেরকে পিছু হটিয়ে দেয়।
বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুনের যৌথ সামরিক জোটের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছে চাদ।
নাইজেরিয়ায় ইসলামিক রাষ্ট্র গড়ার জন্য লড়াই চালিয়ে আসা বোকো হারাম জঙ্গিরা ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে।
চাদের নোগুবোয়া গ্রামে নাইজেরিয়া থেকে বোটে করে যায় শরণার্থীরা। নাইজেরিয়া থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে চলে গেছে চাদের ওই গ্রামে।
গ্রামটিতে জঙ্গিরা এক সেনাকে হত্যা করাসহ ৪ জনকে আহত করেছে বলে জানিয়েছেন চাদ সেনাবাহিনীর কর্নেল আজেম বার্মান্দুয়া আগুনা।
বুলেটবিদ্ধ হয়ে স্থানীয় এক মহাজন নিহত হয়েছে বলে জানান তিনি। তবে বেসামরিক নাগরিক হতাহতের খবর নিশ্চিত করতে পারেননি আগুনা। দুইজন বোকো হারাম জঙ্গি নিহত এবং ৫ জন আহত হওয়ার কথাও জানান তিনি।
এলাকার অধিবাসীরা জানিয়েছে, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ৩০ জন মত এবং তারা গ্রামটির দুই-তৃতীয়াংশ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।
