২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেনের ১৬ বছর কারাদণ্ড

একদিকে কাত হয়ে ডুবে যাওয়া ইতালীয় প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেন ফ্রান্সেসকো শিত্তিনো’কে ১৬ বছর কারাবাসের দণ্ড দিয়েছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Feb 2015, 10:18 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

২০১২ সালে ইতালির তাসকানির অবসরযাপন দ্বীপ গিগিলিও’র উপকূলে তীরের অতিরিক্ত কাছে গিয়ে ডুবো পাথরে ধাক্কা খেয়ে এক দিকে কাত হয়ে ডুবে যায় প্রমোদতরী কোস্ট কনকর্ডিয়া।

দুর্ঘটনার সময় ৯৫০ ফুট দৈর্ঘ্যের ওই বিলাসবহুল ভাসমান হোটেল জাহাজটিতে ৪,২২৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৩২ জন নিহত হন।

ক্যাপ্টেন শিত্তিনো জাহাজটি পরিচালনা করছিলেন। তিনি জাহাজটিকে তীরের কাছাকাছি নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এতে তীরের ডুবো পাথরের সঙ্গে সংঘর্ষে জাহাজের তলা ফুটো হয়ে গিয়েছিল।

ওই ঘটনায় দায়ের করা মামলায় বুধবার ইতালির গ্রসেতো শহরের আদালত বহু মানুষকে হত্যা, জাহাজ ডুবি ও পরিত্যাক্ত জাহাজে যাত্রীদের রেখে চলে যাওয়ার অভিযোগে শিত্তিনোকে দোষী সাব্যস্ত করে ১৬ বছর কারাদণ্ড দেয়।

আদালতের কাছে নিজের দায়িত্ব স্বীকার করলেও যাত্রীদের মৃত্যুর জন্য তিনি দায়ী নন বলে দাবী করেন। তবে সরকারি আইনজীবীরা তাকে দায়ী করে তার ২৬ বছর কারাদণ্ড দাবী করে।

আদালতের এই রায়ে অনেক আইনজীবীই অসন্তোষ প্রকাশ করেছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ফরাসি যাত্রীদের এক দলের প্রধান অ্যান ডেক্রে বলেন, “আমি মনে করি, প্রতিটি মৃত্যুর জন্য ছয়মাস করে কারাদণ্ড হওয়া উচিত। কারণ নিহতদের পরিবারের সদস্যরা, ছয় মাস বা ১৭ বছর না, সারাজীবনের জন্য দণ্ড পেয়েছেন।”

গ্রসেতোর একটি ন্যাট্যশালাতে অস্থায়ী আদালত বসিয়ে সেখানে রায় ঘোষণা করা হয়।

জাহাজ দুর্ঘটনায় পড়ার পর জাহাজ থেকে লোকজন সরানোর সিদ্ধান্ত নিতে দেরি করেছেন ও জাহাজের সব যাত্রী ও ক্রু উদ্ধার হওয়ার আগেই জাহাজ ছেড়ে গিয়েছেন, এমন অভিযোগেও অভিযুক্ত হয়েছেন শিত্তিনো।

আদালতে রায়ে, মানুষ হত্যার জন্য ১০ বছর, জাহাজ ডুবির কারণ হওয়ার জন্য পাঁচ বছর এবং যাত্রীদের ছেড়ে যাওয়ার জন্য শিত্তিনোকে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে