২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় ১০০ গাড়ি, নিহত ২

দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি সেতুতে একটি দুর্ঘটনায় ১০০ গাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

বুধবারের এই দুর্ঘটনায় আরো ৪২ জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ পরিষ্কার না হলেও প্রাথমিক পুলিশি তদন্তে জানা গেছে, কুঁয়াশাময় আবহাওয়ায় একটি বাস একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়ার পর থেকে ঘটনা শুরু হয়। তারপর থেকে একের পর এক দ্রুতগতির বাহন ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় পড়তে থাকে।

ইয়ংজিং দ্বীপের বিমানবন্দরটির সঙ্গে ইনচেয়ন ও সিউলের সড়ক যোগাযোগ পথের মধ্যে এই সেতুটি অবস্থিত। তুষারাচ্ছন্ন রাস্তাকে দুর্ঘটনার আরেক কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কুঁয়াশায় ঢাকা সেতুটিতে দুর্ঘটনাকবলিত গাড়ির জট থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পর সেতুটিতে গাড়ির চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্থ গাড়িগুলোর বেশ কয়েকজন চালক জানিয়েছেন, ঘন কুঁয়াশার কারণে শব্দ শুনলেও সামনে কিছু দেখতে পাননি তারা।