উড়িষ্যার হোস্টেলে সিক্সের ছাত্রীর সন্তান প্রসব
ভারতের উড়িষ্যা রাজ্যের একটি আদিবাসী কল্যাণ স্কুলের হোস্টেলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সন্তান প্রসব করার পর স্কুলটির দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দায়িত্বে অবহেলার অভিযোগে রোববার স্কুলটির প্রধান শিক্ষক ও হোস্টেল সুপারিটেন্ডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, সোমবার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
উড়িষ্যার জেয়পোর’র উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র সেনাপাতি জানিয়েছেন, গ্রেপ্তার দুজন প্রশাসনকে না জানিয়ে ঘটনাটি চাপা দেয়ার চেষ্টা করেছিল।
ভুবেনেশ্বর থেকে ৫০০ কিমি দূরের জেয়পোর’র রাষ্ট্র পরিচালিত আবাসিক উমুরি আশ্রম স্কুলের ওই আদিবাসী শিক্ষার্থী ৪ ফেব্রুয়ারি শিশুটির জন্ম দেয়।
ঘটনা জানার পর স্কুল কর্তৃপক্ষ নবজাতক ও তার শিশুমাতাকে জিপ যোগে তাদের গ্রাম উপেরকেন্দ্রিতে গিয়ে সেমিলিগুদা পুলিশের তত্ত্ববধানে তার বাবা-মার কাছে রেখে আসে।
ঘটনাটি জেলা প্রশাসনের গোচরে এলে জেয়পোর ব্লকের অতিরিক্ত কল্যাণ কর্মকর্তা রোববার ঘটনাটি পুলিশকে জানান।
প্রাথমিক তদন্তের পর পুলিশ স্কুলটির প্রধান শিক্ষক কৈলাস ভার্মা ও হোস্টেল সুপার সাবিতা গুরুকে গ্রেপ্তার করে।
মাত্র দুই সপ্তাহ আগে ২৩ জানুয়ারি রাজ্যটির আরেকটি আবাসিক স্কুলের হোস্টেলে দশম শ্রেণির এক ছাত্রী সন্তান প্রসব করেছে। এই ঘটনায় অপ্রাপ্ত বয়স্ককে গর্ভবতী করার অভিযোগে সুকান্ত প্রধান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
