২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না ইংলাক

থাইল্যাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 01:13 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

চলতি মাসের শেষ দিকে অপরাধ মামলার মুখোমুখি হওয়া নিশ্চিত করতেই ইংলাককে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়নি, সামরিক বাহিনী সমর্থিত সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার জানিয়েছে বিবিসি।

চাল কেনার প্রকল্পে চাষীদের থেকে বেশি দামে চাল কেনার মাধ্যমে রাষ্ট্রিয় অর্থ ভর্তুকি দিয়ে দুর্নীতি করেছেন বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইংলাক অভিযোগ অস্বীকার করলেও মামলার ফলাফল হলে তার ১০ বছরের সাজা হওয়ার সম্ভবনা আছে।

জানুয়ারিতে তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়।

সরকারি মুখপাত্র সানসেরন কায়েওকুমনার্দ জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশ ছাড়ার অনুমতির আবেদন করেছিলেন ইংলাক। কিন্তু ১৯ ফেব্রুয়ারি দেশটির অ্যাটর্নি জেনারেল আদালতে মামলার সাক্ষ-প্রমাণ দাখিল করবেন আর মামলা এগিয়ে নেয়ার জন্য তখন ইংলাকের আদালতে উপস্থিত থাকতে হতে পারে, তাই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

কিন্তু ইংলাকের আইনজীবী দাবী করেছেন, মামলা শুরু হওয়ার এ সময়ে অন্তত দুই মাস ইংলাকের আদালত উপস্থিতি জরুরী নয়, কিন্তু এই মামলার অজুহাতে সামরিক সরকার তার ভ্রমণের অধিকার অস্বীকার করলে তা “তার মৌলিক মানবাধিকারের লঙ্ঘণ হবে”।

ক্ষমতায় থাকার সময় ইংলাকের ফেউ থাই সরকার বিশ্ববাজারের দরের চেয়েও বেশি দরে থাই কৃষকদের কাছ থেকে চাল কিনেছিল। এতে সরকারি খাদ্য গুদামে চাল উপচে পড়ে কিন্তু থাইল্যান্ডের চাল রপ্তানি ক্ষতিগ্রস্থ হয়।

এই প্রকল্পের মাধ্যমে ইংলাক কৃষকদের ভোট কিনেছেন বলে দুর্নীতি-দমন তদন্তকারী অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

২০১১ সালে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন ইংলাক। কিন্তু ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাংবিধানিক আদালতের রায়ে ২০১৪’র মে’তে ক্ষমতা হারান তিনি। এর কয়েক সপ্তাহের মধ্যে ফেউ থাই দলীয় সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।