পূর্ব ইউক্রেইন চুক্তির জন্য শান্তি সম্মেলন
পূর্ব ইউক্রেইনে শান্তি ফিরিয়ে আনতে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া, ইউক্রেইন, জার্মানি ও ফ্রান্সের নেতারা।
বেলারুশের রাজধানী মিনস্কে বুধবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রোববার পূর্ব ইউক্রেইনের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনার করেন ওই নেতারা। এরপর তারা বৈঠকে বসার সিদ্ধান্ত নেন।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবের্ট এক বিবৃতিতে এ তথ্য জানান। সেইবের্টে বলেন, “চার নেতা পূর্ব ইউক্রেইনের যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে উপনীত হতে বেশ কিছু সমাধানের উপায় নিয়ে টেলিফোনে কথা বলেছেন।”
২০১৪ সালের এপ্রিল থেকে ইউক্রেইনের সেনাবাহিনী ও রাশিয়াপন্থি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া বিদ্রোহীদের সাহায্য করছে এবং গোপনে পূর্ব ইউক্রেইনে সেনা পাঠাচ্ছে। যদিও রাশিয়া সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
নতুন এ শান্তি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
মূলত মেরকেল কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধানে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। ওঁলাদ তার সহযোগীর ভূমিকা পালন করছেন।
