২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ছেড়ে পালাচ্ছে আফগানরা: আইওএম

পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের রক্তক্ষয়ী হামলার পর হেনেস্তা হওয়ার ভয়ে আফগান পরিবারগুলো পাকিস্তান ছেড়ে পালাতে শুরু করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2015, 09:16 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

আফগানিস্তানের ইন্টারনেশন্যাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) প্রধান রিচার্ড ডানজিগার শনিবার এ কথা বলেন।

আইওএম’র তথ্য মতে, অবৈধভাবে পাকিস্তানে বসবাসকারী ২২ হাজারের বেশি আফগান সীমান্ত পার হওয়ার জন্য জানুয়ারিতে তরখাম সীমান্তে জড় হয়েছে। পুরো ২০১৪ সালের তুলনায় যা দ্বিগুণ। এছাড়া আরো দেড়হাজার জনকে ওই মাসে বিতাড়িত করা হয়েছে।

ডানজিগার রয়টার্সকে বলেন, “পেশোয়ারের স্কুলটিকে হামলার পর এটা শুরু হয়েছে। যখন ভয়ঙ্কর কিছু ঘটে তখন জনগণ অন্য দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের ওপর প্রতিশোধ নিতে শুরু করে।”

“বেশির ভাগ আফগান পরিবারগুলো কয়েক দশক আগ থেকে পাকিস্তানে বসবাস করছে এবং এখন তাদের ফেরত যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। তারা কতদিন আফগানিস্তানে থাকতে পারবে সেটাও অনিশ্চিত।”

ডিসেম্বরে পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৪১ জন প্রাণ হারায় যাদের ১৩২ জনই শিক্ষার্থী। ওই ঘটনার পর পাকিস্তান সরকার তালেবান জঙ্গিদের কঠোর হস্তে দমনের জন্য আফগান সীমান্ত জুড়ে অভিযান শুরু করে।