বর্ধমান বিস্ফোরণ: আরও এক ‘জঙ্গি’ গ্রেপ্তার
বর্ধমান বিস্ফোরণ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্র্রেপ্তার করেছে এনআইএ, যাকে জঙ্গি সংগঠন জেএমবির জন্য কর্মী সংগ্রহে জড়িত থাকার বিষয়ে সন্দেহ করা হচ্ছে।
পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ থেকে শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ নামে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করার কথা বুধবার জানায় জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ।
এর একদিন আগে মাদ্রাসা পরিচালক মুফাজ্জল হক নামে আরও এক জনকে মুকিমনগর থেকে আটক করা হয়।
সম্প্রতি ওই রাজ্য থেকে চার জনকে আটকের পর মুফাজ্জলের বিষয়ে জানতে পারে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
ধারণা করা হচ্ছে, মুফাজ্জল জেএমবির জন্য কর্মী সংগ্রহে যুক্ত রয়েছেন।
গত বছরের ২ অক্টোবর বর্ধমানে ওই বিস্ফোরণের পর এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।
ইতোমধ্যে তদন্ত সংস্থা জানতে পেরেছে জঙ্গি সংগঠনটির শক্ত নেটওয়ার্ক মুর্শিদাবাদ, নদীয়া, মালদা, বীরভূম ও বর্ধমান ছাড়াও আসাম, শিবগঞ্জ ও পাকুরে বিস্তৃত।
