দোনেস্ক হাসপাতালে গোলা হামলায় নিহত ৩
পূর্ব ইউক্রেইনের দোনেস্কের একটি হাসপাতালে বুধবার অন্তত ২ টি গোলা পড়েছে। এতে কাছাকাছি অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
দোনেস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরতলী কিরোভস্কিতে ২৭ নং হাসপাতালের সামনের মাটিতে গোলার আঘাতে বিশাল একটি গর্ত হতে দেখা গেছে ছবিতে।
ওয়েবসাইটে এক বিবৃতিতে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরটির প্রশাসন বলেছে, দুপুর ১২ টায় গোলা পড়ে। এতে করে বেশ কয়েকজন হতাহত হয়েছে। রাশিয়ান নিউজ এজেন্সি আরআইএ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ৪ জন নিহত হয়েছে।
তবে ঘটনাস্থল থেকে রয়টার্সের এক ফটোসাংবাদিক বলেছেন, হাসপাতালটিতে গোলার আঘাত লাগেনি। তবে হাসপাতালের ১০ মিটার সামনের দিকে গোলা এসে পড়ায় হাসপাতালের সামনের জানালাগুলো ভেঙে গেছে।
এরপরই হাসপাতালের কাছে একটি মৃতদেহ দেখা যায় এবং কাছের একটি ভবনের কাছে রাস্তায় দেখা যায় আরো দুটো মৃতদেহ।
এর আগে ইউক্রেইনের সেনাবাহিনী জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৮ জন আহত হয়েছে বলে জানায়।
