তাইওয়ানের বিমান বিধ্বস্ত, নিহত ২৩
তাইওয়ানের ট্রান্স-এশিয়া এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
কর্মকর্তারা জানান, এখনো ২০ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। উড়োজাহাজটিতে ৫৪ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ৩১ জন দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জিয়ামেনর পর্যটক।
রাজধানী তাইপের সংসান বিমানবন্দর থেকে বুধবার উড়ালের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে সিএনএ জানিয়েছে।
তাইওয়ানের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) প্রতিবেদনে বলা হয়, একটি সড়ক সেতুতে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়।
একজন মোটরযাত্রী দুর্ঘটনার ভিডিও ধারণ করে তা টুইটারে পোস্ট করেন।
ভিডিও’তে দেখা যায়, এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি কাত হয়ে রাস্তার পাশের উঁচু ভবনগুলোর মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। এরপর উড়োজাহাজটির ডানা একটি ট্যাক্সি ও উড়ালসেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং নীচের কিংলু নদীতে পড়ে।
চেন নামের একজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী রয়টার্সকে বলেন, “আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি।” অভ্যন্তরীন রুটে চলাচলকারী উড়োজাহাজটি তাইপে থেকে কিনমেন দ্বীপে যাচ্ছিল।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আরোহীরা লাইফ জ্যাকেট পরছে এবং হাঁচড়ে বা সাঁতার কেটে পানি থেকে উঠে আসার চেষ্টা করছে।
কয়েকজনকে রাবারের নৌকায় করে পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।
সিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কিলুং নদীতে জিই২৩৫ উড়োজাহাজটি কাত হয়ে প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে।
দুর্ঘটনার পর ট্রান্স এশিয়ার প্রধান নির্বাহী পিটার চেন টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য যাত্রী ও ক্রুদের কাছে ক্ষমা চেয়েছেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকডিংয়ে উড়োজাহাজটির পাইলটের সর্বশেষ যে কথা রেকর্ড হয়েছে সেটা হল, “মেডে মেডে ইঞ্জিন ফ্লেমআউট” (মেডে মেডে ইঞ্জিনে আগুন ধরে গেছে)।
এর আগে গত জুলাইয়ে তাইওয়ানে ট্রান্স এশিয়া এয়ার ওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হন।
