সানায় হাউথি বিরোধী বিক্ষোভ
ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের আধিপত্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ।
বুধবার হাউথি বিদ্রোহীরা রাজধানী সানায় প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির প্রাসাদে হামলা চালায়। পরদিন পদত্যাগের ঘোষণা দেন হাদি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ হাজারের বেশি মানুষ সানা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে হাদির বাড়ির দিকে যায় এবং সেখান থেকে আবার ফিরে আসে। বিশ্ববিদ্যালয় থেকে হাদির বাড়ির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার।
মিছিল থেকে শিয়া মুসলিমদের সংগঠন হাউথি গ্রুপ এবং সুন্নি মুসলিমপন্থি জঙ্গি সংগঠন আল-কায়দার বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।
“ইয়েমেনের জনগণ দীর্ঘজীবি হোক” “হাউথিদের না এবং অ্যাফাশকে না”
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ যিনি অ্যাফাশ নামে পরিচিত ছিলেন। ৩৩ বছর ইয়েমেনের ক্ষমতায় থাকার পর ২০১১ সালে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
হাউথিদের সানা দখলের পেছনে সালেহের হাত রয়েছে বলে মনে করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বস্তুত হাদিকে এক সপ্তাহ ধরে তার বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে হাউথিরা। দলটির অভিযোগ হাদি ক্ষমতা ভাগাভাগির চূক্তি থেকে সরে গিয়েছেন।
হাউথি বিরোধী বিক্ষোভে অংশ নেয়া মাইমুনা নামের একজন ছাত্র বলেন, “আমরা এই অভ্যূত্থানকে বাতিল করতে এবং হাউথি জঙ্গিদের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নেমে এসেছি।”
তার হাতে একটি প্ল্যাকার্ড ধরা ছিল। যেখানে হাউথি যোদ্ধাদের ইয়েমেনের সেনাবাহিনীতে সামিল করার বিরোধিতা করা হয়েছে।
বিক্ষোভকারীরা হাদির বাড়ির সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় এবং ‘হাউথি চলে যাও’ বলে শ্লোগান দিতে থাকে।
হাউথি যোদ্ধারা বিক্ষোভকারীদের হাদির বাড়ির কাছে ঘেঁষতে বাধা দেয়। পুলিশও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সর্বাত্মক চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই বিক্ষোভকারীরা তাদের কর্মসূচী শেষ করেন।
হাদির পদত্যাগের পর ইয়েমেনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এদিকে দেশটির বিভিন্ন অংশের স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছেন, তারা খুব বেশি দিন রাজধানীর আদেশ মানবেন না।
এতে করে দেশটি বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ যেসব প্রদেশ থেকে আদেশ না মানার ঘোষণা এসেছে সেগুলো এক সময় স্বাধীনতা চেয়েছিল এবং পরে সাবেক দক্ষিণ ইয়েমেনের সঙ্গে আপোষ করে। এ প্রদেশগুলোর মধ্যে ইয়েমেনের পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ প্রদেশ মারিবও রয়েছে।
ইয়েমেনের সংসদে রোববার হাদির পদত্যাগের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইয়েমেনের সংবিধান অনুযায়ী নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
বর্তমান স্পিকার ইয়াহইয়া আল-রাই সালেহের জেনারেল পিপুলস কংগ্রেস পার্টি থেকে এসেছেন।
