২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসকে ইউরোজোনে থাকার আহ্বান মের্কেলের

গ্রিসকে ইউরোজোনের অংশ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 11:13 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

গ্রিসের জাতীয় নির্বাচনে কোন দল জয় লাভ করবে তার ওপর নির্ভর করছে দেশটির ইউরোজোনে থাকা না থাকা। এ নির্বাচনের আগে দিয়ে মের্কেল এ আহ্বান জানালেন।

নির্বাচনে বামপন্থি সিরিজা জয় লাভ করলে সেক্ষেত্রে গ্রিস হয়তো তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হবে না এবং ইউরোজোন থেকে বেরিয়ে যাবে।

রোববার গ্রিসের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিরিজা ও ক্ষমতাসীন নিউ ডেমোক্রেটিক পার্টি চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

নিউ ডেমোক্রেটিক পার্টির শেষ দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মেরকেল। ভোটারদের প্রতি ইউরোজোনের অংশ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্লোরেন্সে এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, “আমাদের নীতির মূল বিষয় হল একতা। যাবতীয় অসুবিধা সত্ত্বেও আমি চাই গ্রিস আমাদের অংশ হয়ে থাকুক।”

ওদিকে, বৃহস্পতিবার রাতে সমর্থকদের উদ্দেশ্যে সিরিজা নেতা অ্যালেক্সিস সিপরাস বর্তমান ‘বেলআউট’ চুক্তি শেষ হয়ে গেলে গ্রিসের আন্তর্জাতিক ঋণ অর্ধেক মওকুফ করানোর প্রতিশ্রুতি দেন।

ইইউ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে প্রচুর অর্থ সাহায্য নেয়ার কারণে গ্রিস ঋণভারে জরজরিত হয়ে পড়েছে।