সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড চায় বেশিরভাগ লন্ডনবাসী
সর্বোচ্চ শাস্তির বিরোধী ইউরোপের সবচেয়ে বড় শহর লন্ডনের প্রায় ২ জনে একজন খুনি-সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড চায় বলে একটি জরিপে উঠে এসেছে।
যুক্তরাজ্যের কয়েকটি পত্রিকা জানায়, ‘দ্য ইউগভ সার্ভে ফর দ্য স্ট্যান্ডার্ড’-এ দেখা গেছে, রাজধানীর প্রাপ্তবয়স্কদের ৪৯ শতাংশই সন্ত্রাসী হামলার সময় হত্যাকাণ্ডের জন্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডকে সমর্থন দিয়েছে। আর বিপক্ষে মত দিয়েছে মাত্র ৪২ শতাংশ।
পুরুষরা এক্ষেত্রে নারীদের তুলনায় বেশি কঠোর। ৫৫ শতাংশ পুরুষই মনে করে খুনি-সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। অন্যদিকে, নারীদের ৪২ শতাংশ এর পক্ষে রয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে তিন দিনের সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের ঘটনার পর পরিচালিত এ জরিপে আরও দেখা গেছে, বয়স্ক ব্যক্তিদেরই এ ধরনের ঘটনার ক্ষেত্রে সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের পক্ষে মত দেওয়ার প্রবণতা বেশি।
জরিপে ৪০ বছর ও তার বেশি বয়সী ৫৪ শতাংশ লন্ডনবাসী ১৯৬৫ সালে বিলুপ্ত হয়ে যাওয়া মৃত্যুদণ্ড পুনরায় চালু করার পক্ষে মত দিয়েছে।
অন্যদিকে, ২৫ থেকে ৩৯ বছর বয়স্কদের ৪৪ শতাংশ এবং ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৩৮ শতাংশ মৃত্যুদণ্ডের পক্ষে।
অবশ্য মৃত্যুদণ্ডের বিপক্ষেও বেশ কিছু সংখ্যক মানুষের মত পাওয়া গেছে জরিপে। এমনকি মারাত্মক প্রাণঘাতী বোমা হামলার ঘটনার ক্ষেত্রেও সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের বিপক্ষে মত দিয়েছে ৪২ শতাংশ মানুষ।
বিপক্ষ মতের মতদাতারা বলছেন, মৃত্যুদণ্ড দিয়ে সন্ত্রাসীদের ভয় দেখানো যাবে না। বিশেষ করে যে সব সন্ত্রাসী নিজেদের জীবনের তোয়াক্কা না করে হামলা চালায় তাদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কাজে আসবে না।
মানবাধিকার আইনের আওতায় যুক্তরাজ্যে মৃত্যুদণ্ড পুনরায় চালু করাটা বেআইনি। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে নতুন একটি অধিকার বিলের আওতায় আগের মানবাধিকার আইনটি বাতিলের সম্ভাবনা নিয়ে কথা তুলেছিলেন।
