২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোনেস্কে বাস স্টপে গোলায় নিহত ৯

পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্কে গোলা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

নিহতরা বাসের এবং কাছেই থাকা একটি গাড়ির যাত্রী। ইউক্রেইন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানি পূর্ব ইউক্রেইনে লড়াই বন্ধে যৌথ আহ্বান জানানোর পর এ হামলা হল।

এপ্রিলে লুহান্সক এবং দোনেস্ক অঞ্চলে ৪ হাজার ৮শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে ১২ লাখ মানুষ।

ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর থেকে পূর্ব ইউক্রেইন অশান্ত হয়ে উঠেছে।

দোনেস্ক বিমানবন্দরের দখল নিয়ে সম্প্রতি ওই অঞ্চলে লড়াই জোরদার হয়েছে। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার সকালেও লড়াই চলার কথা জানিয়েছে। বিমানবন্দরের কিছু অংশ এখনো ইউক্রেইন সেনাবাহিনীর দখলে।

এর আগে সেনাবাহিনী জানায়, মূল বিমানবন্দর টার্মিনাল থেকে ২০ ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হয়। কারণ তাদের অবস্থান ধ্বংস হয়ে গেছে এবং তাদের ওপর গোলা হামলাও হয়েছে সরাসরি। এতে ছয় সেনা নিহত এবং ১৬ জন আহত হয়।