২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির পেজিডা আন্দোলন প্রধানের পদত্যাগ

জার্মানির “ইসলামিকরণবিরোধী” আন্দোলন পেজিডার প্রধান লুৎজ বাখম্যান পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 10:26 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বিবিসি বলছে, হিটলারের মতো সেজে ছবি তোলা ও ফেইসবুকে শরণার্থীদের নিয়ে করা বিরূপ মন্তব্যের জের ধরে সৃষ্ট বিতর্কে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

ফেইসবুকে করা মন্তব্যে বাখম্যান শরণার্থীদের “পশু” ও “স্কামবাগ” বলেছেন বলে প্রকাশিত সংবাদে জানা গেছে।

শরণার্থীদের নিয়ে এসব মন্তব্যের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেও হিটলারের মতো করে আঁচড়ানো চুল ও গোঁফ নিয়ে তোলা নিজের ছবির ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

পেজিডা’র মুখপাত্র ক্যাথরিন ওয়ের্তেল বলেছেন, শরণার্থীদের নিয়ে করা মন্তব্যটি বাড়াবাড়ি হয়ে গেছে। তবে হিটলারের সাজে ফেইসবুকে প্রকাশ হওয়া ছবিটিকে “কৌতুক” এবং “বিদ্রুপ, যা সব নাগরিকের অধিকার” বলে মন্তব্য করেছেন তিনি।

জার্মান সরকার বাখম্যানের মন্তব্যের নিন্দা জানিয়েছে। বিল্ড সংবাদপত্রে করা মন্তব্যে দেশটির ভাইস-চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, “রাজনীতি করা কেউ যদি হিটলারের মতো সেজে ছবি তোলে, তবে সে পুরোপুরি গবেট নয়তো একজন নাৎসি। যুক্তিবোধসম্পন্ন মানুষ গবেটদের অনুসরণ করেন না, আর নীতিবোধসম্পন্ন মানুষ নাৎসিদের অনুসরণ করেন না।”

বাখম্যানের পদত্যাগের আগেও লিপজিগে পেজিডা আয়োজিত এক মিছিলে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিল।