ইয়েমেনের রাজধানীতে শক্তিশালী অবস্থানে বিদ্রোহীরা
ইয়েমেনের রাজধানী সানায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে হাউথি বিদ্রোহীরা।
প্রত্যক্ষদর্শীরা বিবিসি’কে জানান, বিদ্রোহীরা প্রেসিডেন্ট আবদ-রাব্বুহ মনসুর হাদির ব্যক্তিগত বাসভবনের বাইরে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে প্রেসিডেন্টের গার্ডদের সরিয়ে দিয়ে তাদের বাহিনী নিয়োগ করছে।
মঙ্গলবার হাউথিরা বাড়িটি লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে এবং প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গনের নিয়ন্ত্রণ নেয়।
বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হাউথির অভিযোগ, প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা জনগণের মতকে গুরুত্ব দেয়নি। যার ফলে দেশে এ সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত দেশটির স্থল, জল ও আকাশসীমা অবরুদ্ধ থাকবে।
দক্ষিণাঞ্চলের বন্দর নগর অ্যাডেনের প্রধান নিরাপত্তা কর্তৃপক্ষ এর কারণ ব্যাখ্যায় বলেন, “রাজধানীতে বিপজ্জনক পরিস্থিত উদ্ভব হওয়ায় এবং প্রেসিডেন্ট হুমকির মুখে থাকায় এ ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল।”
বিদ্রোহীরা দেশটির সবেচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ঘাঁটি দখল করে নিয়েছে বলেও খবর প্রকাশ পেয়েছে। এটি সানার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।
তারা সানার বেশিরভাগ গণমাধ্যমের কার্যালয় দখল করে নিচ্ছে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী খালিদ বাহাহ এর প্রাসাদের দিকেও আগ্রসর হচ্ছে।
বিদ্রোহীরা জানান, প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন এবং তিনি চাইলে চলে যেতে পারেন।
হাউথিরা প্রেসিডেন্টকে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছেন। হাদির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হাদিকে সমর্থন দিয়েছে।
