কূটনৈতিক সম্পর্ক গড়তে আলোচনায় কিউবা-যুক্তরাষ্ট্র
কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল এখন কিউবায়।
তারা সেখানে দুই দিন অবস্থান করবেন। ৩৫ বছর আগে স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কের চরম অবনতি হয়।
প্রায় ১৮ মাস ধরে গোপনে আলোচনার পর ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্র সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছানোর ঘোষণা দেন।
কিউবার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ৫৩ বছরের পুরনো বাণিজ্য নিষেধাজ্ঞা তোলার উদ্যোগ নিয়ে ওবামাই দু’দেশের মধ্যে আলোচনার পথ খুলে দেন।
বুধবারের আলোচনায় ‘অভিবাসন’ এর ওপর বেশি গুরুত্ব দেয়ার কথা রয়েছে। আর বৃহস্পতিবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে আলোচনা হতে পারে।
উভয় পক্ষই এ বৈঠকে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হওয়ার আশা করছে।
কিউবা চায় যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে ৫৩ বছরের পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিক। তাছাড়া, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করা দেশের তালিকা থেকে যুক্তরাষ্ট্র কিউবার নাম বাদ দিক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান চাওয়া কিউবায় মানবাধিকার রক্ষা।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রবার্টা জ্যাকবসন। লাতিন আমেরিকা অঞ্চলে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক।
গত ৩৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউবা সফরে গেলেন। কিউবা দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কূটনীতিক জসেফিনা ভিডাল।
