সন্ত্রাস-বিরোধী কৌশল জোরদার করছে ফ্রান্স
সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গতি আনতে এ ক্ষেত্রে নতুন আরো ২,৬৮০ জনকে নিয়োগ দেয়ার পাশাপাশি ৪২ কোটি ৫০ লাখ ইউরো ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া জঙ্গি হুমকি মোকাবেলায় এ সম্পদ খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্রান্সে বসবাসকারী প্রায় তিন হাজার ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে।
ফ্রান্সে সম্প্রতি তিনদিনের জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়। পুলিশ তিন জঙ্গিকে গুলি করে হত্যা করে।
ওই ঘটনার পর জঙ্গিদের কোনভাবে সাহায্য করেছেন এমন সন্দেহে ফ্রান্সে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তাদের মধ্যে চারজন ছাড়া বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। প্যারিসের একজন আইনজীবী অভিযুক্ত চারজন সম্পর্কে গণমাধ্যমে তথ্য দেন।
ওই চারজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আমেদ কুলিবালিকে অস্ত্র সরবরাহে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, কুলিবালির সঙ্গী সন্দেহভাজন একজন নারীকে খুঁজে বের করতে তুরস্ক, স্পেন ও বেলজিয়ামের সঙ্গে যৌথভাবে কাজ করছে ফ্রান্স।
