২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলআবিবে বাসে ফিলিস্তিনির ছুরিকাঘাতে আহত ৭

ইসরায়েলের তেল আবিব শহরে একটি যাত্রীবাহী বাসে ছুরি নিয়ে হামলা চালিয়ে সাত জনকে আহত করেছে এক ফিলিস্তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

পুলিশ জানায়, বুধবার সকালের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে। ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ ওই ব্যক্তির পায়ে গুলি করে তাকে আটক করে।

প্রথমে পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরে পুলিশ জানায়, হামলাকারী ২৩ বছর বয়সী একজন ফিলিস্তিনি তরুণ। সে পশ্চিম তীরে বসবাস করে।

দুই মাস আগে ইসরায়েলের এই বাণিজ্যিক রাজধানীতে এক সেনাসদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়েছিল।

ঘটনার বর্ণনায় একজন বাসযাত্রী জানান, একটি স্টপে বাসের গতি কমে গেলে হামলাকারী প্রথমে চালককে ছুরি মারে। এরপর সে অন্যযাত্রীদেরও ছুরি মারতে শুরু করে।

ভীত-সন্ত্রস্ত যাত্রীরা ছিটকে বাস থেকে বের হয়ে যায়। তেল আবিবের ব্যস্ততম ওই মোড়ে ওই সময় অন্য একটি গাড়িতে কারা কর্মকর্তারা ছিলেন। তারা দেখেন সন্দেহভাজন আক্রমণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা তখন হামলাকারীকে ধাওয়া করে। একজন কর্মকর্তা হামলাকারীর পায়ে গুলি করে।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, হামলাকারী মাটিতে মুখ গুঁজে পড়ে আছে। তার হাত পিছমোড়া করে বাঁধা।

ছুরিকাহত সাত জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, অন্য দুইজন যাত্রী হুড়োহুড়ি করে বাস থেকে নামার সময় আঘাত পেয়েছেন।

হামলার সময় বাস চালক তার কোম্পানির প্রতিনিধিকে ফোনে হামলার বিষয়ে জানিয়ে সাহায্য চেয়েছিলেন।

“আমাকে বাঁচান। আমি মারাত্মকভাবে আহত হয়েছি। আমার পুরো শরীরে ছুরি মারা হয়েছে। সে যাত্রীদেরও ছুরি মেরেছে। যদি আমার কিছু হয়ে যায় তবে আমার সন্তানদের দেখবেন।”

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু হামাস গ্রুপের মুখপাত্র সামি আবু জুহরি বলেন,“এটা ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলিদের সন্ত্রাসী আচরণের জবাব।”

এ ঘটনার পর ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।